https://www.emjanews.com/

16135

sylhet

প্রকাশিত

০৬ জুন ২০২৬ ১৫:২৬

আপডেট

০৬ জুন ২০২৬ ১৫:৩৭

সিলেট

সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃ/ত্যু

প্রকাশ: ০৬ জুন ২০২৬ ১৫:২৬

সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণও শনাক্ত হয়েছে, যা জনস্বাস্থ্যে নতুন করে উদ্বেগ তৈরি করছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেটের কানাইঘাট উপজেলার বাউরবাগ গ্রামের বাসিন্দা ৯ মাস বয়সী সালেহ আহমদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ নিয়ে চলতি বছরে সিলেটে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। এর মধ্যে সরাসরি হাম রোগে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে, আর বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স রয়েছেন, অন্যরা সবাই শিশু।

এদিকে, একই সময়ে নমুনা পরীক্ষায় সিলেট বিভাগে নতুন করে আরও ৩ জনের শরীরে হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ৭৭ জন ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৩১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।