সিলেটের গোলাপগঞ্জে অনলাইন জুয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রলোভনে ফেলে সম্পৃক্ত করার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার হেতিমগঞ্জ এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৯।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর একটি দল গোলাপগঞ্জ থানাধীন শ্রীরামপুর বাইপাস এলাকায় অবস্থানকালে জানতে পারে, হেতিমগঞ্জ বাজারের একটি প্রতিষ্ঠানের ভেতরে কিছু ব্যক্তি অনলাইনে জুয়ার কার্যক্রম চালাচ্ছে। পরে রাত ৯টার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সিলেট জেলার, গোলাপগঞ্জ থানার, কায়স্ত গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে আবুল মিয়া (৩৫) এবং একই থানার হেতিমগঞ্জ এলাকার মোঃ শাহাবুদ্দিনের ছেলে মোস্তাক আহমদ রাজন (৩৬)। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।
র্যাব বলছে, তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন ও চারটি খাতা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোন যাচাই করে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এসব অ্যাপের মাধ্যমে ২০০ টাকায় ৩০০০ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে যুক্ত করা হতো এবং এর বিনিময়ে কমিশন নিতো চক্রটি।
এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আটককৃতদের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংস্থাটির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
