https://www.emjanews.com/

16745

sylhet

প্রকাশিত

২৮ জুন ২০২৬ ২২:৪৪

সিলেট

চুনারুঘাটে তালাবদ্ধ ঘরে বন্দি মায়া হরিণ, উদ্ধার

প্রকাশ: ২৮ জুন ২০২৬ ২২:৪৪

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভোলারজুম গ্রামে একটি তালাবদ্ধ ঘর থেকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় একটি মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।

শনিবার (২৮ জুন) বিকেলে হরিণটি উদ্ধার করে কালেঙ্গা রেঞ্জের রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, রেমা-কালেঙ্গা অভয়ারণ্য দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বনাঞ্চল। চুনারুঘাট উপজেলার এ বনাঞ্চলে প্রাকৃতিকভাবে মায়া হরিণসহ নানা প্রজাতির বন্য প্রাণীর বসবাস রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি দল জানতে পারে, উপজেলার ভোলারজুম গ্রামের ইয়াকুত মিয়ার বাড়ির একটি কক্ষে একটি মায়া হরিণ আটকে রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় হরিণটি উদ্ধার করা হয়। উদ্ধার শেষে সেটিকে কালেঙ্গা রেঞ্জ কার্যালয়ের রেসকিউ সেন্টারে নেওয়া হয়।

কালেঙ্গা রেঞ্জের বন কর্মকর্তা আবদুল্লাহ আল আমিন জানান, উদ্ধার হওয়া হরিণটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুস্থ হয়ে উঠলে প্রাকৃতিক আবাসস্থল রেমা-কালেঙ্গা বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

বন কর্মকর্তা বলেন, লোকালয়ে চলে আসা বা চোরাশিকারিদের কবল থেকে উদ্ধার হওয়া বন্য প্রাণীর বিষয়ে দ্রুত বন বিভাগ, পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত। আহত প্রাণীর ক্ষেত্রে নিজ উদ্যোগে চিকিৎসা না করে অভিজ্ঞ বনকর্মীদের কাছে হস্তান্তর করাই নিরাপদ।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, বন্য প্রাণী আটক, শিকার বা অবৈধভাবে সংরক্ষণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগ আরও জোরদার করা প্রয়োজন।