https://www.emjanews.com/

17152

national

প্রকাশিত

১৬ জুলাই ২০২৬ ১৩:৫০

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ ১৩:৫০

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র চূড়ান্ত করার কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ আগস্ট সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১০ আগস্ট মাঠ পর্যায়ে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। এই তালিকার ওপর কোনো দাবি বা আপত্তি থাকলে তা দাখিলের জন্য ১৮ আগস্ট পর্যন্ত সময় পাবেন সংশ্লিষ্টরা। প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই ও নিষ্পত্তি কার্যক্রম শেষ করা হবে ২৩ আগস্টের মধ্যে। সকল আইনি প্রক্রিয়া ও পর্যবেক্ষণ শেষে ২৭ আগস্ট চূড়ান্ত তালিকা জনসম্মুখে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, সরকার ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ সংশোধন করেছে। নতুন এই নীতিমালা অনুযায়ী, এখন থেকে প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে হবে। চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন ভোটকেন্দ্র স্থাপনে বিদ্যমান অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হয়। বিশেষ করে স্থায়ী ভবনের ভেতরে পর্যাপ্ত জায়গা থাকলে অস্থায়ী ভোটকক্ষ নির্মাণ না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, চূড়ান্ত তালিকাটি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে এই তালিকার হার্ড কপি ও সফট কপি নির্বাচন কমিশনে জমা দিতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে নির্বাচন পরিচালনায় স্বচ্ছতা ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে চায় কমিশন।