https://www.emjanews.com/

17310

law-justice

প্রকাশিত

২৩ জুলাই ২০২৬ ২১:২৭

আইন আদালত

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ ২১:২৭

ছবি: সালমান শাহ

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যার অভিযোগ নিয়ে নতুন করে শুরু হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানির তারিখ পিছিয়ে আগামী ৩০ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিন থাকলেও তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ তা জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন এই দিন ধার্য করেন। পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, নব্বইয়ের দশকের চলচ্চিত্রের ধ্রুবতারা সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের ফ্ল্যাটে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। সে সময় তার বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরী অপমৃত্যুর মামলা করলে তদন্ত শেষে সিআইডি একে 'আত্মহত্যা' বলে প্রতিবেদন দেয়। তবে পরিবার তা প্রত্যাখ্যান করে নারাজি দিলে শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। দীর্ঘ প্রায় ৩ দশক ধরে চলা এই মামলার চড়াই-উতরাইয়ে বিচার বিভাগীয় তদন্ত এবং পিবিআইয়ের তদন্তেও আত্মহত্যার বিষয়টি উঠে আসে।

পিবিআই তাদের প্রতিবেদনে জানিয়েছিল, চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে ঘনিষ্ঠতা এবং পারিবারিক কলহের কারণে সৃষ্ট মানসিক যন্ত্রণা থেকে সালমান আত্মহত্যা করেছেন।

তবে এই সকল তদন্ত প্রতিবেদন শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছেন সালমানের মা নীলা চৌধুরী। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২০ অক্টোবর আদালত সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে নিয়মিত হত্যা মামলা রুজু করার নির্দেশ দেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, সামিরাসহ পলাতক অজ্ঞাত আসামিরা পূর্বপরিকল্পিতভাবে সালমান শাহকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে এবং আগামী ৩০ আগস্টের মধ্যে সিআইডিকে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।