ছবি: সংগৃহীত
পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল ও পদোন্নতি সম্পন্ন হয়েছে। পুলিশের পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
রোববার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গ্রেড-২ পদে তাদের এই পদোন্নতি কার্যকর করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকায় রয়েছেন- কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে চলতি দায়িত্বে থাকা মো. মাইনুল হাসান এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার (ডিআইজি) মো. ইসরাইল হাওলাদার।
এ ছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকেও অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অবিলম্বে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
জনস্বার্থে জারি করা এই আদেশ কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকেই কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
