https://www.emjanews.com/

18409

economics

প্রকাশিত

০৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৭

অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট নিয়ে সুখবর

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৭

ছবি: সংগৃহীত

দেশের সব তফসিলি ব্যাংকে ছেঁড়া, ফাটা ও অপ্রচলনযোগ্য নোট বিনিময়ের সেবা নিয়মিতভাবে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলালের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন। অধিবেশনটিতে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল তার প্রশ্নে উল্লেখ করেন যে, দেশের সাধারণ ও নিম্নআয়ের মানুষেরা প্রায়ই ছেঁড়া, ফাটা ও অতিরিক্ত ব্যবহৃত নোট সংগ্রহ করে নতুন নোটের সঙ্গে বিনিময় করেন। এতে একদিকে যেমন বাজার থেকে অচল নোট ব্যাংকিং ব্যবস্থায় ফেরত যায়, অন্যদিকে অনেক মানুষ এর মাধ্যমে জীবিকা নির্বাহ করে। নতুন নোট দেওয়া বন্ধ হওয়ার আশঙ্কায় তাদের আয়ের পথ রুদ্ধ হওয়ার বিষয়টিও তিনি সংসদকে জানান।

উত্তরে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে সার্কুলার জারির মাধ্যমে ত্রুটিপূর্ণ ও দাবিযোগ্য নোট বিনিময়ের সেবা নিশ্চিত করতে সব তফসিলি ব্যাংককে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে।

তিনি জানান, বর্তমানে এই সেবাটি নিয়মিতভাবে চালু রয়েছে এবং নতুন নোট মুদ্রণ ও বাজারে প্রচলন একটি চলমান প্রক্রিয়া। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই নতুন মুদ্রিত নোট সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও স্পষ্ট করেন যে, ছেঁড়া-ফাটা নোট বদল করা ব্যাংকিং কার্যক্রমেরই একটি নিয়মিত অংশ। ফলে সাধারণ নাগরিকদের কাছে থাকা ত্রুটিপূর্ণ নোট নির্ধারিত নিয়ম মেনে যেকোনো তফসিলি ব্যাংক থেকে পরিবর্তন করে নেওয়ার সুযোগ সবসময়ই উন্মুক্ত রয়েছে।