ছবি: আল আমিন, প্যারিস।
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মেধা, দক্ষতা ও বিনিয়োগ দেশের সার্বিক উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্যে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’। একই ধারাবাহিকতায় ২০২৭ সালে ফ্রান্সে এ সম্মেলন আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছে আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড।
রোববার (১১ অক্টোবর) ফ্রান্সের প্যারিসের ‘ক্যাফে দ্য লুনা’য় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য তুলে ধরেন এনআরবি গ্লোবালের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম, ঢাকা সামিটের কনভেনর মমিনুল হক ও উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ ইনু।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সম্মেলনের মূল স্লোগান ‘থিংক বাংলাদেশ’। এতে বিশ্বের বিভিন্ন দেশের এক হাজারের বেশি অনাবাসী ও প্রবাসী বাংলাদেশি পেশাজীবী, ব্যবসায়ী ও উদ্যোক্তার পাশাপাশি দেশি-বিদেশি মন্ত্রী, কূটনীতিক ও বিশেষজ্ঞদের অংশ নেওয়ার কথা রয়েছে।
আয়োজকেরা জানান, দেশ ও প্রবাসের মধ্যে স্থায়ী সেতুবন্ধন গড়ে তোলা এবং ‘ব্রেইন ড্রেন’ বা মেধাপাচারকে ‘ব্রেইন গেইন’ বা মেধা অর্জনে রূপান্তর করা এনআরবি ওয়ার্ল্ডের অন্যতম লক্ষ্য। প্রবাসীদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা ও বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে কার্যকর অবদান রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
সম্মেলনে ব্যবসা, প্রযুক্তি, বিনিয়োগ ও যৌথ অংশীদারত্বের সুযোগ তৈরিতে ব্যবসায়িক আলোচনা, গোলটেবিল বৈঠক এবং নেটওয়ার্কিং মধ্যাহ্নভোজসহ বিভিন্ন আয়োজন থাকবে। এসব উদ্যোগের মাধ্যমে দেশি-বিদেশি উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণ, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং নীতিনির্ধারকদের সঙ্গে প্রবাসী বিশেষজ্ঞদের কার্যকর যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্য অর্জনে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
আয়োজকদের মতে, প্রবাসীদের অভিজ্ঞতা ও সক্ষমতাকে দেশের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে যুক্ত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তির বিকাশ এবং বিনিয়োগ সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
