ছবি: হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম।
মালয়েশিয়ায় বসবাসরত অনিয়মিত বা ভিসাহীন প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে নিজ দেশে ফেরার জন্য বিশেষ আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন।
রোববার বিকেলে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম। তিনি জানান, মালয়েশিয়া সরকারের ‘মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম ২.০’ (বিআরএম ২.০) কর্মসূচির আওতায় নথিবিহীন প্রবাসীরা কোনো জটিলতা ছাড়াই দেশে ফেরার আইনি সুযোগ পাচ্ছেন।
ভিডিও বার্তায় জানানো হয়, এই প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসীদের অবশ্যই বৈধ ও মেয়াদযুক্ত পাসপোর্ট থাকতে হবে। যাদের পাসপোর্ট নেই বা মেয়াদ শেষ হয়ে গেছে, তারা হাই কমিশন থেকে বিকল্প হিসেবে ‘ট্রাভেল পারমিট’ সংগ্রহ করতে পারবেন। এরপর দেশে ফেরার জন্য একটি নিশ্চিত ও বৈধ বিমান টিকিট সংগ্রহ করতে হবে।
তবে লক্ষ্য রাখতে হবে যে, টিকিটের যাত্রার তারিখ যেন ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্টের অন্তত ৫ দিন পর এবং ১৪ দিনের মধ্যে হয়।
আবেদনকারীকে অবশ্যই সশরীরে ইমিগ্রেশন অফিসে উপস্থিত হতে হবে। কোনো প্রতিনিধি বা দালালের মাধ্যমে আবেদন করার কোনো সুযোগ নেই। আবেদনের সময় মূল পাসপোর্ট বা ট্রাভেল পারমিট, পাসপোর্টের বায়োডাটা পৃষ্ঠার কপি এবং প্রযোজ্য ক্ষেত্রে পূর্বের ইমিগ্রেশন পাসের কপি সঙ্গে রাখতে হবে।
এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ফি ও জরিমানা ইমিগ্রেশন বিভাগের অনুমোদিত পদ্ধতিতে পরিশোধ করতে হবে।
প্রবাসীদের সতর্ক করে তরিকুল ইসলাম বলেন, এই কর্মসূচির জন্য কোনো মধ্যস্বত্বভোগী বা দালালকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। কেউ বিশেষ সুবিধার কথা বলে অর্থ দাবি করলে তা প্রত্যাখ্যান করার এবং নিজ উদ্যোগে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। শেষ মুহূর্তের ভিড় এড়াতে দ্রুততম সময়ে সংশ্লিষ্ট ইমিগ্রেশন অফিস বা হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রবাসীদের অনুরোধ করা হয়েছে।
