https://www.emjanews.com/

18630

politics

প্রকাশিত

১২ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৯

রাজনীতি

গুলশানে মিছিল: আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী রিমান্ডে

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৯

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের অঙ্গসংগঠন ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক উভয়পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। এ ঘটনায় গ্রেফতার ২৫ জনের মধ্যে একজনকে শিশু হিসেবে দাবি করায় তার বিষয়ে শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক রুহুল আমিন আসামিদের আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, ঘটনার মূল রহস্য উদঘাটন, পরিকল্পনাকারীদের শনাক্তকরণ এবং অর্থের জোগানদাতাদের খুঁজে বের করতে আসামিদের জিজ্ঞাসাবাদ জরুরি। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর জোরালো বিরোধিতা করে।

শুনানি শেষে আদালত ২৪ জনের রিমান্ড মঞ্জুর করেন এবং আরাফাত নামের একজনকে শিশু হিসেবে দাবি করায় তাকে কারাগারে পাঠিয়ে রোববার প্রয়োজনীয় নথিপত্র দাখিলের নির্দেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গুলশান এলাকায় বর্তমান সরকারের ভাবমূর্তি নস্যাৎ ও অস্থিরতা তৈরির উদ্দেশ্যে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হন। তারা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটান। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল জব্দ করা হয়েছে। এই ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক মো. মাহবুব হোসাইন বাদী হয়ে ১১৮ জনের নাম উল্লেখসহ আরও ৮০-১০০ জন অজ্ঞাতনামাকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন মো. রহিম, মো. জাহাঙ্গীর হোসেন, সাব্বির হোসেন, কামরুল হাসানসহ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের দুই ডজন নেতাকর্মী।