শেখ হাসিনার সুস্থতার প্রমাণে পুরোনো অডিও প্রচার করলো ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগ
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬ ১০:১৫
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার সুস্থতার বার্তা দিতে একটি অডিও ক্লিপ প্রকাশ করেছে ‘কাযক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগ। তবে দলটির প্রচার করা অডিওটি সাম্প্রতিক নয়। অন্তত এক বছর আগে থেকেই এটি অনলাইনে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। ফলে হাসিনার বর্তমান শারীরিক অবস্থা প্রমাণে পুরোনো অডিও প্রচারের বিষয়টি সামনে এসেছে।
শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে তার সুস্থতার বার্তা দিতে এক বছর আগের একটি অডিও ক্লিপ প্রচার করেছে আওয়ামী লীগ।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দলটির অফিসিয়াল ফেসবুক পেজ ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ থেকে অডিওটি প্রকাশ করা হয়।
তবে আওয়ামী লীগের প্রচার করা অডিওটি সাম্প্রতিক নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, অডিওটি অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।
দ্য ডিসেন্ট তাদের ফেসবুক পোস্টে জানায়, শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তারা নিশ্চিত হতে পারেনি। তবে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে তার সুস্থতার প্রমাণ হিসেবে প্রচার করা অডিওটি নতুন নয়।
আওয়ামী লীগের প্রকাশ করা অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তার নামে অসুস্থতা নিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, ‘আমি খুব অসুস্থ! আমি কেন অসুস্থ হতে যাব? আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে, মানুষকে উদ্ধার করতে হবে।’
অডিওতে শেখ হাসিনাকে আরও বলতে শোনা যায়, তিনি ভালোভাবে সুস্থ আছেন। অসুস্থতার খবর ছড়িয়ে নেতাকর্মীদের মনে কষ্ট দেওয়া ও তাদের আঘাত করার চেষ্টা করা হচ্ছে।
অডিওর শেষ অংশে তিনি বলেন, ‘সবাইকে আমি স্পষ্ট বলতে চাই, আমি ঠিকই আছি। আমার এখন পর্যন্ত কোনো অসুখ হয়নি।’
তবে অডিওটি এক বছর আগের হওয়ায় এটি দিয়ে শেখ হাসিনার বর্তমান শারীরিক অবস্থা নিশ্চিত হওয়ার সুযোগ নেই।
