শিরোনাম
সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা মাদারিপুরে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণ শ্রমিক অসন্তোষে বাংলাদেশের পোশাক খাতে ধাক্কা, লাভবান ভারত গোপালগঞ্জে বিকাশ লেনদেন অস্বাভাবিক, সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন সিলেটে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, লড়ছে ১৪ দল প্রবাসীর মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দেবে সরকার! সিলেটে শুক্র ও শনিবার আবাসিক প্রিপেইড মিটারে গ্যাস রিচার্জ বন্ধ থাকবে জামালগঞ্জের সুরমায় নৌকাডুবি: নিখোঁজ দুই শ্রমিকেরই লাশ উদ্ধার খাবারে ভেজাল, টিলাগড়ের স্বদেশী ফুডকে ১ লাখ টাকা জরিমানা

https://www.emjanews.com/

20965

politics

প্রকাশিত

২৭ নভেম্বর ২০২৬ ১৯:৫৯

রাজনীতি

নিরপেক্ষ ভেন্যু ও জুলাই সনদ বাস্তবায়ন, সংলাপে জামায়াতের দুই শর্ত

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ ১৯:৫৯

ছবি: সংগৃহিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক সংলাপে এককভাবে অংশ নিতে চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১ দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে নিয়েই সংলাপে বসতে চায় দলটি। এ জন্য সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো স্থানে সংলাপ আয়োজনের শর্ত দিয়েছে জামায়াত। দলটির মতে, সংলাপে জুলাই সনদ বাস্তবায়নই হবে প্রধান দাবি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সরকারের সঙ্গে সম্ভাব্য সংলাপ, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দলের অংশগ্রহণ এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এতে দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

জুলাই সনদ বাস্তবায়ন প্রধান শর্ত

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপ প্রসঙ্গে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ ঢাকা পোস্টকে বলেন, বৈঠক ও সংলাপ এক বিষয় নয়। সংলাপের জন্য নিরপেক্ষ স্থান প্রয়োজন। সেখানে দাবি-দাওয়া এবং ঐকমত্যে পৌঁছানোর বিষয় থাকে। জুলাই সনদ বাস্তবায়ন তাদের প্রধান শর্ত। এটি বাস্তবায়িত হলে অধিকাংশ সমস্যার সমাধান হবে বলে মনে করেন তাঁরা।

তিনি বলেন, ‘যোগাযোগ, আলাপ-আলোচনা চলছে। আমরা দলীয়ভাবে নয়, জোটগতভাবেই সংলাপে বসতে চাই। আশা করছি, শিগগিরই সংলাপ হবে। নির্বাচন কমিশনের ডাকেও সাড়া দিয়েছি। সেখানেও আমরা ১১ দলের ব্যানারেই সংলাপে বসব।’

এদিকে সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে সম্ভাব্য দুই সংলাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার (২৭ নভেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক ডাকা হয়েছে।

নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ চায় জামায়াত

সরকার ও বিএনপির পক্ষ থেকে সংলাপের বিষয়ে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, ‘সরকার ও বিএনপির পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা তাদের ১১ দলীয় ঐক্য একসঙ্গে বসার বিষয়ে জানিয়েছি। এ বিষয়ে আমরা অনড়। এ ছাড়া সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ আয়োজন করতে বলেছি।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সংলাপের উদ্যোগকে স্বাগত জানালেও শুরু থেকেই সম্মিলিত আলোচনার পক্ষে অবস্থান নিয়ে আসছে জামায়াত। দলটির প্রত্যাশা ছিল, অন্তর্বর্তী সরকারের আমলে জাতীয় ঐকমত্য কমিশনের আদলে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলকে নিয়ে সম্মিলিত সংলাপের আয়োজন করবে সরকার। পৃথক বৈঠকের পরিবর্তে সব পক্ষকে এক টেবিলে নিয়ে আলোচনা করাকে জাতীয় ঐক্যের জন্য বেশি কার্যকর মনে করেন দলটির নেতারা।

তবে জামায়াতের প্রত্যাশার বিপরীতে প্রধানমন্ত্রী প্রথমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে একক বৈঠকের মধ্য দিয়ে রাজনৈতিক সংলাপ শুরু করেন। এরপর থেকেই ১১ দলীয় ঐক্যের শরিকদের নিয়ে একসঙ্গে আলোচনায় বসার অবস্থান তুলে ধরছে জামায়াত।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জাতীয় ইস্যুতে ১১ দলীয় ঐক্যের মধ্যে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জোটের শরিকদের বাদ দিয়ে পৃথকভাবে কোনো দলের সঙ্গে আলোচনা হলে রাজনৈতিক ঐক্যের প্রশ্নে ভুল বার্তা যেতে পারে। শুক্রবারের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধী দল হিসেবে জামায়াতের সঙ্গে সরকারের যোগাযোগ রয়েছে। সরকারের উদ্যোগে আয়োজিত সংলাপে কীভাবে অংশ নেওয়া হবে, তা নিয়ে নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, ১১ দলীয় ঐক্য জোটগতভাবে সংলাপে অংশ নেবে।

তিনি আরও বলেন, সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ১১ দলীয় ঐক্যের সঙ্গে সরকারের সংলাপ হলে এনসিপিও সেখানে থাকবে বলে তাদের জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের সংলাপেও জোটবদ্ধ অংশগ্রহণ

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ জন্য আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন দিনব্যাপী মতবিনিময়ের সূচি নির্ধারণ করা হয়েছে। প্রথম দিন বিএনপি-জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের সঙ্গেও এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের ব্যানারে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় ইস্যুর পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়েও জোটের শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।