অনুমোদিত ছুটি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার পর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার সময় নির্বাচন অফিসের এক ডাটা এন্ট্রি অপারেটরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটক ব্যক্তি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে সুশান্ত চন্দ্র বিশ্বাস। তিনি ২০১৬ সাল থেকে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করে আসছিলেন এবং বর্তমানে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে কর্মরত ছিলেন।
বিজিবি জানায়, হবিগঞ্জ ব্যাটালিয়নের গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন তিনি। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত এক মাস ধরে কোনো অনুমোদন ছাড়াই কর্মস্থল থেকে অনুপস্থিত ছিলেন। শ্রীমঙ্গলের একটি হোটেলে অবস্থান করে দালালের সহায়তায় সীমান্ত পাড়ি দেওয়ার পরিকল্পনা করেছিলেন।
এ সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তার নামে করা দুটি জাতীয় পরিচয়পত্র, ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিলসহ ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
