গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত মিনহাজ মির্জা
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ ১৫:৩৫
ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাগরিক টেলিভিশনের গোয়াইনঘাট প্রতিনিধি মিনহাজ মির্জা।
এদিকে, শুক্রবার (৯ অক্টোবর) উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে দু'টি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মো. আবুল হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ ও গণনা শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোট গ্রহণ করা হয়। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিনহাজ মির্জা বিজয়ী হন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন-সহ-সভাপতি পদে বিলাল উদ্দিন, অর্থ সম্পাদক পদে আব্দুল আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রফিক সরকার, পাঠাগার ও দপ্তর সম্পাদক পদে রিয়াজুল ইসলাম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইদুল ইসলাম।
নির্বাচনে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়।
নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। তাঁরা নতুন কমিটির নেতৃত্বে গোয়াইনঘাটের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও কল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
