কুলাউড়ায় ‘মানবিক রক্তদান সংস্থা কর্মধা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ ১৯:৩০
ছবি: ইমজা নিউজ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে মানবিক রক্তদান সংস্থা কর্মধা'র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কর্মধা ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে আগত রক্তদাতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা ও অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদের সভাপতিত্বে এবং রাসেল আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজমুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম এবং নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এম এ আজিজ।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ রক্তদাতা হিসেবে পরিচিত মো. মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব ইনচার্জ সাইদুর রহমান চৌধুরী, জামেয়া ইসলামিয়া কর্মধা টাইটেল মাদ্রাসা মুহতামিম মাওলানা ইউনুস আহমদ, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মো. গোলাপ মিয়া, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী প্রদীপ কুমার সিংহ, নলডরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুরুজ আলী, আমরিন ট্রাভেলস এর স্বত্বাধিকারী মোস্তাক আহমেদ, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইংরেজি’র প্রভাষক ও অত্র সংগঠনের পরিচালক মোঃ আক্তার হোসেন, সহ-পরিচালক বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও মৌলভীবাজার জেলা জজকোর্টের অ্যাডভোকেট মোঃ সাইফুর রহমান, রবিরবাজার ফাতেমা লাইব্রেরীর স্বত্বাধিকারী আবু হাসনাত চৌধুরী রিয়াদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের সিনিয়র সদস্য বাবুল আহমদ, সাবেক সভাপতি তামজিদ আলী, প্রবাসী সদস্য নজরুল ইসলাম রিপন, হেলাল আহমদ এবং সুলতান আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও রক্তদাতারা।
অনুষ্ঠানে বক্তারা মানবিক রক্তদান কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, রক্তদান একটি মহৎ এবং মানবিক উদ্যোগ। মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের বিকল্প নেই। তাঁরা সংগঠনের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং রক্তদাতাদের এ মহতী উদ্যোগে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ পর্বে আহ্বায়ক কমিটির মাধ্যমে মানবিক রক্তদান সংস্থা কর্মধা'র ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি উপস্থাপন করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে রাসেল আল মামুন, সাধারণ সম্পাদক হিসেবে আব্দুস সামাদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তাওহীদ তাসনীমের নাম ঘোষণা করা হয়।
নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের পরিধি বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও রক্তদাতারা।
