সিলেটসহ সারাদেশে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬ ২১:০১
ছবি: সংগৃহীত
নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়াতে সিলেটসহ সারাদেশের ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণের সব কার্যক্রম স্থগিত করেছে সরকার।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ রাখতে দেশের সব জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণসংক্রান্ত সব কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
এ জন্য ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালাসংক্রান্ত স্মারক এবং ২০১৪ সালের ৯ ডিসেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণসংক্রান্ত স্মারকের আওতায় পরিচালিত কার্যক্রমও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় কার্যক্রম স্থগিতের কারণ হিসেবে নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং ইউনিয়ন পরিষদের সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়ানোর বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
এ নির্দেশনা দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি অবগতির জন্য বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকারের উপপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।
