https://www.emjanews.com/

20040

sylhet

প্রকাশিত

২৮ অক্টোবর ২০২৬ ০০:০৭

সিলেট

সিলেটের জলাবদ্ধতা নিরসনে আসছে ৪৭০০ কোটি টাকার প্রকল্প

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ০০:০৭

সিলেট নগরের জলাবদ্ধতা নিরসনে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, প্রকল্পটি আগামী দিনে একনেক সভায় উপস্থাপন করা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে সিলেট নগরের ব্লু ওয়াটার শপিং সিটির ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) কার্যালয়ে মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। 

সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডে প্রায় ৮০০ কিলোমিটার সড়ক রয়েছে। এসব সড়কের বড় একটি অংশ এখনো পাকা করা সম্ভব হয়নি। সড়ক উন্নয়নের জন্য নতুন প্রকল্প নেওয়া হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের বর্তমান মেয়াদ শেষে যেন সিলেটের প্রতিটি সড়ক পাকা করার অগ্রগতি নিয়ে জনগণের সামনে জবাবদিহি করা যায়, সেটিই তাঁদের লক্ষ্য। নগরের সড়ক অবকাঠামোর উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করা হবে।

পাশাপাশি সিলেট নগরের পানি সংকটের কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, এই সমস্যা দীর্ঘদিনের। সিটি করপোরেশনের প্রশাসক এ বিষয়ে উদ্যোগী ভূমিকা রাখছেন।

নগরে পানি সরবরাহের সক্ষমতা বাড়াতে চেঙ্গেরখাল এবং সুরমা-কুশিয়ারা নদী থেকে পানি উত্তোলন করে পরিশোধনের মাধ্যমে সরবরাহের একটি বড় প্রকল্প নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বড় প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার আগ পর্যন্ত নগরবাসীর পানির চাহিদা পূরণে স্বল্পমেয়াদি কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে নতুন নলকূপ স্থাপন, পাম্পিং স্টেশন নির্মাণ এবং অকেজো হয়ে পড়া স্থাপনাগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে সচল করার পরিকল্পনা রয়েছে।