সিলেট নগরীর মেন্দিবাগ থেকে হুমায়ুন রশিদ চত্বরমুখী হযরত শাহজালাল (রহ.) সেতুর ক্ষতিগ্রস্ত এক্সপানশন জয়েন্ট মেরামতের কারণে দুই দফায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ সময় সেতু দিয়ে রিকশা, ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা চলাচলের ক্ষেত্রেও নির্দিষ্ট লেন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ থেকে জারি করা গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দফায় ৭ নভেম্বর শনিবার রাত ১১টা থেকে ১১ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ১৪ নভেম্বর শনিবার রাত ১১টা থেকে ১৮ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সেতুতে এ বিধিনিষেধ কার্যকর থাকবে।
নির্দেশনা অনুযায়ী, মেন্দিবাগ থেকে হুমায়ুন রশিদ চত্বর এবং বিপরীতমুখী সব ধরনের রিকশা চলাচল বন্ধ থাকবে। সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে শুধু নির্ধারিত রিকশা চলাচলের লেন দিয়ে।
এ সময়ে সেতু দিয়ে শুধু ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস এবং জরুরি ও সেবামূলক যানবাহন চলাচল করতে পারবে। ছোট-বড় সব ধরনের ট্রাক ও কাভার্ড ভ্যানকে বিকল্প হিসেবে কাজিরবাজার সেতু ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেরামতকাজের সুবিধার্থে হযরত শাহজালাল সেতুর একটি লেন পর্যায়ক্রমে বন্ধ রাখা হবে। অন্য লেন দিয়ে উভয়মুখী যানবাহন চলাচল করবে।
সেতুতে যানজট এড়াতে এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে ট্রাফিক বিভাগের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
