https://www.emjanews.com/

20427

sylhet

প্রকাশিত

০৯ নভেম্বর ২০২৬ ১৭:১৯

সিলেট

সিলেটে এইচএসসির ফলে ১৪ হাজার শিক্ষার্থীর চ্যালেঞ্জ: ভর্তির নিয়ম বদলাচ্ছে শাবি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ ১৭:১৯

সিলেট শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর পেরিয়েছে কয়েক দিন। ফল পুনর্নিরীক্ষণের আবেদনও শেষ হয়েছে। তাতে বোর্ডের ১৪ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী ৫১ হাজার ২৪৩টি আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে। এর মধ্যে একদিকে ফল পরিবর্তনের আশায় অপেক্ষায় শিক্ষার্থীরা, অন্যদিকে কম পাসের হার ও জিপিএ-৫ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রতিযোগিতায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন তাঁরা। পরিস্থিতি বিবেচনায় ভর্তির ন্যূনতম যোগ্যতা শিথিলের কথা ভাবছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর শিক্ষার্থী সংকটের আশঙ্কা করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন জানান, ফল পুনর্নিরীক্ষণের জন্য ১৪ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাঁরা বিভিন্ন বিষয়ে মোট ৫১ হাজার ২৪৩টি আবেদন জমা দিয়েছেন। একজন শিক্ষার্থী একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারেন। এ কারণে আবেদনকারীর সংখ্যার তুলনায় মোট আবেদনের সংখ্যা বেশি।

বোর্ডের তথ্য অনুযায়ী, বিষয়ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজিতে। এ বিষয়ের দুই পত্র মিলিয়ে আবেদন জমা পড়েছে ১৩ হাজার ৭৮৪টি। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলা। এ বিষয়ের দুই পত্রে আবেদন পড়েছে ৫ হাজার ৭৩৮টি। একক পত্রের হিসাবে ইংরেজির পর সবচেয়ে বেশি আবেদন পড়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে। এ বিষয়ে আবেদন জমা পড়েছে ৫ হাজার ৫৪১টি। বিপরীতে গার্হস্থ্য বিজ্ঞান, মনোবিজ্ঞান ও পরিসংখ্যান বিষয়ে আবেদন পড়েছে সবচেয়ে কম।

গত ১ নভেম্বর থেকে অনলাইনে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। প্রতিটি পত্রের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল ১৫০ টাকা। আবেদনপ্রক্রিয়া শেষ হওয়ায় এখন ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা। পুনর্নিরীক্ষণের ফল আবেদনকারীদের দেওয়া মুঠোফোন নম্বরে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে। পাশাপাশি সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।

এদিকে এবারের ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়ায় উচ্চশিক্ষায় ভর্তি নিয়ে নতুন করে ভাবছে সিলেটের বিশ্ববিদ্যালয়গুলো। সিলেট বিভাগের শিক্ষার্থীদের পছন্দের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ২৫ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৬ দশমিক ৫০ থাকার শর্ত ছিল। তবে এবার ফলাফলের প্রেক্ষাপটে ন্যূনতম যোগ্যতা কমানোর প্রস্তাব বিবেচনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগে কোনো একটি পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ২৫ না থাকলে আবেদন করা যেত না। এবার তা কমিয়ে প্রতিটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ এবং এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ ৬ রাখার একটি প্রস্তাব করা হচ্ছে। তবে এটি এখনো প্রস্তাবের পর্যায়ে রয়েছে।

অন্যদিকে পাসের হার কমে যাওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের একটি বড় অংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পাসের হার কমে গেলে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা শিথিল হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তবে এবারের ফলকে শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়নের প্রতিফলন হিসেবে দেখছেন শিক্ষকরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম বলেন, উচ্চশিক্ষার বিগত সময়ে সবাই পাস এবং সবাই জিপিএ-৫, এমন একটা বিষয় দেখা গিয়েছিল। বিশেষ করে ইন্টারমিডিয়েট পর্যায়ে। সার্বিক বিষয়ে তিনি বলেন, শিক্ষার একটা মান ফিরে আসছে। জিপিএ মুখ্য নয়, একজন শিক্ষার্থী কতটুকু মানসম্মত শিক্ষা গ্রহণ করল, সেটাই গুরুত্বপূর্ণ।

বিশ্ববিদ্যালয়গুলো বলছে, শুধু জিপিএ বা সিজিপিএ নয়, বর্তমান সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের যোগ্য করে তোলাই হওয়া উচিত উচ্চশিক্ষার মূল লক্ষ্য।

সিলেট শিক্ষা বোর্ডের এবারের ফলাফলে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার দেখা গেছে। মোট ৭২ হাজার ৯৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭১ হাজার ৮৯৩ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৬ হাজার ৫৯৭ জন। পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০৪ জন।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞানে পাসের হার সর্বোচ্চ ৬৮ দশমিক ৫৪ শতাংশ। মানবিকে পাস করেছেন ৪৬ দশমিক ২৯ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৭ দশমিক ৮১ শতাংশ। অর্থাৎ বিজ্ঞান বিভাগের তুলনায় মানবিক বিভাগে পাসের হার ২২ দশমিক ২৫ শতাংশ কম।

জেলাভিত্তিক ফলাফলেও রয়েছে বড় ব্যবধান। পাসের হারে সবচেয়ে এগিয়ে সিলেট জেলা। এ জেলায় পাসের হার ৫৭ দশমিক ৬২ শতাংশ। বিপরীতে সবচেয়ে পিছিয়ে মৌলভীবাজার, পাসের হার ৪৩ দশমিক ৮৪ শতাংশ। হবিগঞ্জে পাসের হার ৪৭ দশমিক ৯৫ শতাংশ এবং সুনামগঞ্জে ৪৫ দশমিক ৯৮ শতাংশ। চার জেলার মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন পাসের হারের ব্যবধান ১৩ দশমিক ৭৮ শতাংশ।

ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন। মেয়েদের পাসের হার ৫২ দশমিক ৩৮ শতাংশ, ছেলেদের ৪৮ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ পাওয়া ১ হাজার ২০৪ জনের মধ্যে ৬১৩ জন ছেলে এবং ৫৯১ জন মেয়ে।

এবার বোর্ডের অধীন ছয়টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। বিপরীতে তিনটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। শূন্য পাসের তিন প্রতিষ্ঠানের একটি হবিগঞ্জে এবং দুটি সুনামগঞ্জে। গত বছর তিনটি প্রতিষ্ঠানে শতভাগ পাস থাকলেও চারটি প্রতিষ্ঠানে কেউ পাস করেননি।

ফলাফলের এই চিত্রে একদিকে পুনর্নিরীক্ষণের আবেদন করা হাজারো শিক্ষার্থী নতুন করে ফল পাওয়ার অপেক্ষায় রয়েছেন, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা ও প্রতিযোগিতা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে সিলেট শিক্ষা বোর্ডের অধীন ১৪ হাজারের বেশি শিক্ষার্থীর পুনর্নিরীক্ষণের আবেদন এবং কম পাসের হারের প্রভাব এবার উচ্চশিক্ষায় ভর্তির হিসাব-নিকাশে কতটা পরিবর্তন আনে, সেটিই এখন দেখার বিষয়।