শিরোনাম
সিন্ডিকেটের চাপ, অনিয়মের বিরুদ্ধে লড়াই এবং নৈতিক শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক চৌধুরী বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সিলেটের সাবেক এমপি রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করে মামলা সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা, স্বামী নাদেলের ফাঁসির আদেশ সিলেটে গেলো আরো ২ শিশুর প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় ডাক বিভাগের ৩ কর্মচারীর মৃত্যু সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার, মানতে হবে পরিবেশবিধি: বাণিজ্যমন্ত্রী নেত্রকোণায় ধর্ষিত ১২ বছরের শিশু, সিলেটে সন্তান জন্মদান: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড সিলেটে রনজিতের সভা: রিসোর্টের দুই কর্মীসহ আটক ৪

https://www.emjanews.com/

20503

sylhet

প্রকাশিত

১২ নভেম্বর ২০২৬ ২০:০৫

সিলেট

সিলেটে ব্যাংক অ্যাকাউন্ট থেকে সংস্কৃত কলেজ অধ্যক্ষের ৩৫ লাখ টাকা উধাও

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ ২০:০৫

ছবি: সংগৃহীত

সারা জীবনের উপার্জন ও সঞ্চয় নিরাপদে রাখতে ব্যাংকে জমা রেখেছিলেন টাকা। কিন্তু সেই সঞ্চয়ই এখন তাঁর দুশ্চিন্তার কারণ। সিলেট নগরের সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখায় এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ডিজিটাল লেনদেনের মাধ্যমে ৩৫ লাখ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও টাকা উদ্ধারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় উদ্বেগ ও হতাশায় দিন কাটছে ওই গ্রাহকের।

ভুক্তভোগী ড. দিলীপ কুমার দাশ চৌধুরী সিলেট জেলা বারের প্রবীণ আইনজীবী এবং শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ।

তিনি অভিযোগ করেন, তাঁর অজান্তেই গত ২ থেকে ৯ নভেম্বরের মধ্যে কয়েক দফায় ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩৫ লাখ টাকা সরিয়ে নেওয়া হয়েছে।

ঘটনাটি ধরা পড়ে গত সোমবার (৯ নভেম্বর)। ওই দিন ২০ হাজার টাকার একটি চেক দিয়ে একজনকে ব্যাংকে পাঠান ড. দিলীপ। কিন্তু ব্যাংক থেকে জানানো হয়, তাঁর অ্যাকাউন্টে কোনো টাকা নেই। বিষয়টি শুনে তিনি নিজে ব্যাংকে গিয়ে খোঁজখবর নেন। তখন জানতে পারেন, কয়েক দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে ৩৫ লাখ টাকা স্থানান্তর করা হয়েছে।

ড. দিলীপ কুমার বলেন, ‘আমার কোনো ই-ওয়ালেট বা ডিজিটাল ব্যাংকিং অ্যাপস নেই। আমি কখনো ডিজিটাল পদ্ধতিতে লেনদেনও করিনি। অথচ আমার অজান্তেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩৫ লাখ টাকা সরিয়ে নেওয়া হয়েছে। টাকা স্থানান্তরের বিষয়ে আমার মোবাইল ফোনে কোনো বার্তাও আসেনি।’

তিনি জানান, এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ও কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আক্ষেপ প্রকাশ করে এই আইনজীবী বলেন, অভিযোগ দেওয়ার পরও টাকা উদ্ধারে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাননি। আগের দিন পুলিশ তাঁর সঙ্গে যোগাযোগ করলেও বিষয়টি ব্যাংকের বলে উল্লেখ করেছে। অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনাটি খতিয়ে দেখছে।

তিনি আরও বলেন, ‘এই অ্যাকাউন্টে আমার জীবনের সব সঞ্চয় জমা ছিল। সব টাকা হারিয়ে আমি এখন নিঃস্ব হওয়ার মতো অবস্থায় পড়েছি। এই টাকা ফেরত না পেলে আমার পক্ষে চলা কঠিন হয়ে যাবে।’

এ বিষয়ে সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার এজিএম মো. ওয়ারিসুল ইসলাম বলেন, ‘এই অভিযোগ পেয়েছি। এর সঙ্গে যেহেতু আমার ব্যাংকের সুনামের বিষয় জড়িত, তাই শাখার পক্ষ থেকে তাঁর টাকা উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করব। টাকা খোয়া যাওয়ার ঘটনায় ব্যাংকের নিরাপত্তাব্যবস্থায় কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘টাকাগুলো কোন কোন অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। লেনদেনের ডিজিটাল তথ্য সংগ্রহ এবং ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’