ছাত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগে শাবিপ্রবির প্রক্টরের শাস্তি দাবি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ ২০:১৪
ছবি: সংগৃহীত
যৌন হয়রানির শিকার এক নারী শিক্ষার্থীর প্রতি অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানের শাস্তির দাবিতে তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা প্রক্টর কার্যালয়ে তালা দেন।
জানা যায়, গত বুধবার (১১ নভেম্বর) সিলেট নগরের আম্বরখানা এলাকার একটি খাবারের আউটলেটে শাবিপ্রবির এক ছাত্রী যৌন হয়রানির শিকার হন। এ ঘটনায় সহায়তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানকে ফোন করেন ওই শিক্ষার্থী। তবে প্রক্টর তাঁকে ধমক দেন এবং সহায়তা করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ওই শিক্ষার্থীর অভিযোগ, বুধবার দুপুর ২টার দিকে আম্বরখানার একটি খাবারের আউটলেটে পার্সেল নিতে গেলে এক বিক্রয়কর্মী ইচ্ছাকৃতভাবে তাঁর হাত চেপে ধরেন এবং অশালীন আচরণ করেন। তাৎক্ষণিক প্রতিবাদ জানালে ওই কর্মী উল্টো তাঁকে ধমক দেন। পরে আউটলেটের ব্যবস্থাপকের কাছে সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে তিনিও তা না দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।
এরপর সহায়তার জন্য প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানকে ফোন করেন ওই ছাত্রী। তাঁর অভিযোগ, ফোনে প্রক্টর বলেন, ‘ব্যাড টাচ করেছে, সেটা ভার্সিটির দেখার দায়িত্ব নাকি? সে কি আমার কোম্পানিতে চাকরি করে? ঘটনা যেহেতু ক্যাম্পাসের ভেতরে নয়, সেহেতু প্রক্টর অফিস কেন দেখবে? আগে থানায় জিডি করো, তারপর প্রক্টর অফিসে অভিযোগ দিতে হবে।’
ভুক্তভোগী শিক্ষার্থী আরও অভিযোগ করেন, মানসিকভাবে ভেঙে পড়ার কথা জানালেও প্রক্টর তাঁকে উল্টো ধমক দেন।
পরবর্তী সময়ে প্রক্টরের সঙ্গে ওই ছাত্রীর কথোপকথন ও তাঁর আচরণের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলেই শিক্ষার্থীরা প্রক্টর কার্যালয়ে গিয়ে তাঁর কাছে জবাবদিহি চান।
এ সময় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং বিভিন্ন হলের প্রভোস্টদের উপস্থিতিতে নিজের অসুস্থতার কথা উল্লেখ করে ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে দুঃখ প্রকাশ করেন প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান।
তবে আগের দিনের ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকেলে আবারও প্রক্টর কার্যালয়ে যান শিক্ষার্থীরা। একপর্যায়ে তাঁরা কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রক্টরের শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজ হোসেন রিমন বলেন, ‘গতকাল এক আপু যৌন হয়রানির শিকার হয়ে প্রক্টর স্যারের কাছে ফোন দিলে উনি উল্টো ধমক দেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন।’
