ছবি: ইমজা নিউজ
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য, বৈদিক মন্ত্রোচ্চারণ, হরিনাম সংকীর্তন ও হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জে উদ্বোধন করা হয়েছে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত শ্রীশ্রী নৃসিংহ জিউ মন্দির। ৬ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন এই মন্দিরের উদ্বোধন ঘিরে দিনব্যাপী আয়োজনে সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ হাজার ভক্ত-দর্শনার্থীর সমাগম ঘটে।
শুক্রবার (১৩ নভেম্বর) হবিগঞ্জ শহরের বগলাবাজার এলাকার নৃসিংহ আখড়া রোডে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নবনির্মিত মন্দিরটির উদ্বোধন করেন ইসকনের অন্যতম গভর্নিং বডি কমিশনার (জিবিসি) ও দীক্ষাগুরু শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ। তিনি যুক্তরাষ্ট্র থেকে জুমের মাধ্যমে সকাল ৬টা ৩০ মিনিটে উদ্বোধনী কার্যক্রমে যুক্ত হন।
বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছ।
আয়োজকদের প্রাথমিক হিসাব অনুযায়ী, সকাল থেকে দিনভর অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার ভক্ত-দর্শনার্থী অংশ নেন। প্রধান অতিথিও প্রশাসন ও আয়োজকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ৪০ থেকে ৫০ হাজার মানুষের উপস্থিতির কথা জানান। বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ পরিণত হয় এক বিশাল ধর্মীয় মিলনমেলায়।
৬ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত মন্দিরটিতে রয়েছে তিনটি নান্দনিক গম্বুজ। আধুনিক স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন কারুকার্যে নির্মিত এই মন্দিরে একসঙ্গে সহস্রাধিক ভক্তের উপাসনার ব্যবস্থা রয়েছে বলে জানান আয়োজকেরা।
উদ্বোধন উপলক্ষে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ৪৯তম তিরোধান তিথি উপলক্ষে বিশেষ স্মরণামৃত ও আধ্যাত্মিক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে তাঁর জীবনাদর্শ, কৃষ্ণভাবনামৃত আন্দোলন, ভক্তিযোগ এবং বিশ্বব্যাপী সনাতন ধর্মীয় চেতনা বিস্তারে অবদান নিয়ে আলোচনা করা হয়।
দিনব্যাপী আয়োজনে ছিল বৈদিক হোমযজ্ঞ, হরিনাম সংকীর্তন, কীর্তন মেলা, ধর্মীয় আলোচনা ও কৃষ্ণ মহাপ্রসাদ বিতরণ। নারী, শিশু, তরুণ-তরুণী ও বয়োজ্যেষ্ঠদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
আলোচনা সভায় হুইপ জি কে গউছ
বিকেলের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সভাপতি ও পুলিশের সাবেক ডিআইজি শ্রীপাদ শুদ্ধস্বত্ব গোবিন্দ দাস। অনুষ্ঠান পরিচালনা করেন ইসকন লাইফ মেম্বার ও হবিগঞ্জ ইসকন মন্দিরের উপদেষ্টা অ্যাডভোকেট প্রমথ সরকার।
সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম মনসুর মুসা ও হুইপের একান্ত সচিব আমিন আল পারভেজ।
স্বাগত বক্তব্য দেন ইসকন সিলেট বিভাগের সম্পাদক ও হবিগঞ্জ ইসকনের অধ্যক্ষ শ্রীপাদ উদয় গৌর দাস ব্রহ্মচারী। এ ছাড়া বক্তব্য দেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ, ভাইস প্রেসিডেন্ট ও সিলেট ইসকনের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, ঠাকুরগাঁও ইসকনের অধ্যক্ষ ও ভাইস প্রেসিডেন্ট শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ, ইসকন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর (যোগাযোগ) ঋষিকেশ গৌরাঙ্গ দাস, রিজলভের চেয়ারম্যান শ্রীপাদ যুগধর্ম দাস এবং হবিগঞ্জ ইসকনের উপদেষ্টা অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস।
যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হন ইসকনের আন্তর্জাতিক প্রতিনিধি
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল যুক্তরাষ্ট্র থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হওয়া ইসকনের আন্তর্জাতিক যোগাযোগ ও জনসংযোগ কার্যক্রমের দায়িত্বশীল শ্রীপাদ অনুত্তম দাসের বিশেষ উপস্থাপনা।
তিনি ইসকন কমিউনিকেশনসের আন্তর্জাতিক পরিচালক এবং সংগঠনটির সর্বোচ্চ পরিচালনা পর্ষদ গভর্নিং বডি কমিশনের (জিবিসি) জ্যেষ্ঠ সদস্য। ২০১৪-২০১৫ সালে তিনি জিবিসির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
ভার্চ্যুয়াল বক্তব্যে তিনি বিশ্বব্যাপী ইসকনের সাংগঠনিক কার্যক্রম, আন্তর্জাতিক যোগাযোগ, ধর্মীয় দর্শন ও মানবকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরেন। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে আন্তধর্মীয় সংলাপ এবং আন্তর্জাতিক পর্যায়ে ইসকনের যোগাযোগ ও জনসংযোগ কার্যক্রমের বিষয়েও আলোচনা করেন তিনি।
ইসকন সম্পর্কে অপপ্রচার না করে গবেষণার আহ্বান হুইপের
প্রধান অতিথির বক্তব্যে হুইপ জি কে গউছ বলেন, সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা উদ্বোধনের সময় তিনি নিজের নামে ফলক লাগান না। নামের ফলক যে চিরস্থায়ী নয়, তার প্রমাণ বাংলাদেশের মানুষ ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে। ফলক লাগাতে হলে মানুষের হৃদয়ে লাগাতে হবে। মানুষের হৃদয়ে একবার ভালোবাসার ফলক স্থাপন করতে পারলে তা কখনো ভাঙা যাবে না।
ইসকন সম্পর্কে বিভিন্ন স্থানে নানা ধরনের অপপ্রচার হয় উল্লেখ করে তিনি বলেন, সংগঠনটির দায়িত্বশীল ব্যক্তিরা তাঁদের কার্যক্রম সম্পর্কে যেসব তথ্য দিয়েছেন, সেগুলো সবার আরও বেশি করে পড়াশোনা করা উচিত। প্রয়োজনে গবেষণা করতে হবে। কোথাও কোনো ভুল থাকলে তা যাচাই-বাছাই করে গণমাধ্যমের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, একটি মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে কাকডাকা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত মানুষের এমন উপস্থিতি অভাবনীয়। প্রশাসন ও আয়োজকদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, সকাল থেকে প্রায় ৫০ হাজার ভক্ত এখানে এসেছেন। নিজেদের অর্থ ব্যয় করে, কর্মজীবন থেকে সময় বের করে তাঁরা এই আয়োজনে অংশ নিয়েছেন।
তিনি আরও বলেন, ভালো মানুষের সমাগম যেখানে ঘটে, সেখানে সৎসঙ্গের মাধ্যমে মানুষের জীবন সুন্দর হয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অনুষ্ঠানে উপস্থিত তরুণ-তরুণীরা যে কথাগুলো শুনেছেন, সেগুলো তাঁদের জীবন গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইসকনের ধর্মীয় অনুশাসন প্রসঙ্গে জি কে গউছ বলেন, সংগঠনটির দীক্ষিত সদস্যদের আমিষ আহার, নেশাজাতীয় দ্রব্য, জুয়া ও অবৈধ যৌনাচার পরিহারের মতো কঠোর নিয়ম মেনে চলতে হয়। এসব অনুশাসন মানুষকে শৃঙ্খলিত ও নৈতিক জীবন গঠনে সহায়তা করতে পারে।
তিনি বলেন, ইসকন শুধু ধর্মীয় কর্মকাণ্ডে সীমাবদ্ধ নয়; আর্তমানবতার সেবা, মানুষের কল্যাণ এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমেও মানুষের হৃদয় জয় করার চেষ্টা করছে। সমাজে এমন মানবিক উদ্যোগ আরও থাকা প্রয়োজন।
মন্দিরটির সঙ্গে নিজের দীর্ঘদিনের স্মৃতির কথা তুলে ধরে হুইপ বলেন, তিনি যখন হবিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তখন মন্দিরটি ছিল অরক্ষিত। মন্দিরের সাধুরা বারান্দায় রাত কাটাতেন। তাঁদের স্বপ্ন ছিল, একদিন এখানে বড় একটি মন্দির হবে এবং মানুষের পদচারণায় পুরো এলাকা মুখর হয়ে উঠবে। আজ সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। একসময় ইসকনের পাশে দাঁড়াতে কেউ সাহস পেতেন না, তখন তিনি সংগঠনটির পাশে দাঁড়িয়েছিলেন।
মন্দিরের উন্নয়ন কার্যক্রমে ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ রাষ্ট্রের সেবা ও সহযোগিতা পাওয়ার অধিকার সবার রয়েছে। যতদিন বিএনপি ক্ষমতায় থাকবে, ততদিন তাঁর পক্ষ থেকে এ সহযোগিতা অব্যাহত থাকবে।
মানবকল্যাণ ও সম্প্রীতির কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা
আলোচনা সভায় ইসকনের দীক্ষিত সদস্যদের জীবনাচরণের চারটি নিয়ন্ত্রক নীতি তুলে ধরা হয়। এগুলো হলো—আমিষ আহার বর্জন, নেশাজাতীয় দ্রব্য পরিহার, জুয়া বর্জন এবং অবৈধ যৌনাচার থেকে বিরত থাকা। পাশাপাশি নিয়মিত হরেকৃষ্ণ মহামন্ত্র জপ, ভক্তিযোগ, সাধুসঙ্গ ও শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে আত্মিক উন্নতি সাধনের ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকেরা জানান, দীর্ঘদিনের পরিকল্পনা, সাধু-সন্ন্যাসীদের প্রচেষ্টা এবং ভক্তদের সম্মিলিত অবদানে মন্দিরটি নির্মিত হয়েছে। এখানে নিয়মিত ধর্মীয় অনুষ্ঠান, উপাসনা, হরিনাম সংকীর্তন, শাস্ত্র আলোচনা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা রয়েছে।
তাঁদের প্রত্যাশা, নবনির্মিত মন্দিরটি শুধু ধর্মীয় উপাসনার কেন্দ্র নয়, বরং মানবিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা, আধ্যাত্মিক চেতনা ও সামাজিক সম্প্রীতি বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হবে। ধর্মীয় অনুশীলনের পাশাপাশি আর্তমানবতার সেবা ও মানুষের কল্যাণেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে।
দেশ-বিদেশের আধ্যাত্মিক ব্যক্তিত্বদের ভার্চ্যুয়াল সংযুক্তি, সাধু-সন্ন্যাসীদের আলোচনা এবং হাজারো ভক্তের অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন হবিগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।