সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত অবৈধ যানবাহন চলাচল না করার শর্তে আটক যানবাহন মালিক ও চালকদের সেগুলো ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। এ জন্য নির্ধারিত কাগজপত্রসহ ট্রাফিক বিভাগে আবেদন করতে হবে। তবে ফেরত পাওয়া যানবাহন মহানগর এলাকায় চালানো কিংবা বিক্রি করা যাবে না।
সোমবার (১৬ নভেম্বর) সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত অবৈধ যানবাহন (রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম) চলাচলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে আটক করা যানবাহনগুলো উন্মুক্ত ডাম্পিং গ্রাউন্ডে রাখা হয়েছে।
এ অবস্থায় ব্যাটারিচালিত যানবাহনের মালিক ও চালকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর এসএমপি একটি সভার আয়োজন করে। সেখানে চালক ও মালিকদের অনুরোধ এবং মানবিক দিক বিবেচনায় গত ১ মে থেকে বিজ্ঞপ্তি প্রকাশের দিন পর্যন্ত আটক যানবাহনগুলো ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে এ জন্য মালিক ও চালকদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ফোন নম্বরসহ আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি মহানগর এলাকায় অবৈধ ব্যাটারিচালিত যানবাহন চালাবেন না মর্মে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে।
এ ছাড়া আটক যানবাহনের রেকার স্লিপের মূল কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং ফেরত পাওয়া যানবাহন সিলেট মহানগর এলাকায় বিক্রি করা হবে না মর্মে অঙ্গীকারনামা জমা দিতে হবে।
এসব কাগজপত্রসহ ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেট কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজ্ঞপ্তি প্রকাশের পর সিলেট মহানগর এলাকায় কোনো ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, মিশুক বা টমটম পুনরায় চালানো হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
