https://www.emjanews.com/

20611

sylhet

প্রকাশিত

১৬ নভেম্বর ২০২৬ ১৯:০৩

আপডেট

১৬ নভেম্বর ২০২৬ ১৯:২৬

সিলেট

সিলেটের সারদা হলে তালা দিলেন জাসাস নেতারা

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ ১৯:০৩

ছবি: ইমজা নিউজ

সিলেটের সারদা স্মৃতি হলে তালা ঝুলিয়ে দিয়েছেন জেলা ও মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতারা। এ সময় হলের ভেতরে রাখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন ছবির ফ্রেমও অপসারণ করেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাসাস নেতারা সারদা স্মৃতি হলে গিয়ে এ কার্যক্রম চালান।

এ সময় উপস্থিত নেতারা গণমাধ্যমকে বলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সংগঠনটির দুই নেতা শামসুল ইসলাম সেলিম এবং রজতকান্তি গুপ্ত এটিকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত করেছিলেন। দীর্ঘদিন ধরে তাঁরা খবর পাচ্ছিলেন, সারদা হলে জোটের নেতারা জড়ো হয়ে সভা করছেন। প্রথমে বিষয়টি বিশ্বাস না করলেও রোববার রাতে এ ধরনের একটি প্রস্তুতির খবর পান তাঁরা।

জাসাস নেতারা বলেন, এর পরিপ্রেক্ষিতে তাঁরা সারদা হলে এসে শেখ মুজিবুর রহমানের ছবিসহ তাঁদের ভাষায় ‘ফ্যাসিস্টের দোসরদের’ ছবির ফ্রেম অপসারণ করেছেন। পরে হলে তালা লাগিয়ে দেন।

তাঁরা আরও বলেন, সারদা হলের মালিক সিলেট সিটি করপোরেশন (সিসিক)। হলের চাবি সিসিক প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী সিদ্ধান্ত প্রশাসক নেবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন রায়হান। তিনি জানান, এ সময় সিলেট জেলা ও মহানগর জাসাসের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনটির অন্য নেতারাও উপস্থিত ছিলেন।