শিরোনাম
‘মাথা তুলে দাঁড়ানোর আগেই প্রতিহত করতে হবে’: আওয়ামী লীগকে নিয়ে প্রধানমন্ত্রী সিলেট-৪ আসনের উন্নয়নে আরিফুল হকের বড় উদ্যোগ, ৯৯৩ কোটি টাকার প্রকল্প সিলেটে রনজিতের গোপন সভা: গ্রেপ্তার ২৬, তিনজনের রিমান্ড, ১১ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ তিনটি সুখবর: সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন-সেতু-সড়ক সিলেটে সীমান্ত দিয়ে আসছে বি স্ফো র ক, বাড়ছে উৎকণ্ঠা ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালু ফেব্রুয়ারিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী ভারতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

https://www.emjanews.com/

20672

international

প্রকাশিত

১৮ নভেম্বর ২০২৬ ১৮:৫৫

আন্তর্জাতিক

পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪ প্রদেশ গঠনের পরিকল্পনা

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ ১৮:৫৫

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশ ভেঙে ১৪টি প্রদেশ গঠনের একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। প্রস্তাব অনুযায়ী, পাঞ্জাব ও সিন্ধুতে চারটি করে, খাইবার পাখতুনখোয়ায় তিনটি এবং বেলুচিস্তানে তিনটি প্রদেশ গঠনের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি রাজধানী ইসলামাবাদকে স্বতন্ত্র প্রদেশের মর্যাদা দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পাঞ্জাবে চারটি, সিন্ধুতে চারটি, খাইবার পাখতুনখোয়ায় তিনটি এবং বেলুচিস্তানে তিনটি প্রদেশ গঠনের পরিকল্পনার কথা তিনি শুনেছেন।

মন্ত্রী জানান, অতিরিক্ত প্রদেশ গঠনের বিষয়ে চলমান বিতর্ক পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করে গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিয়েছিলেন তিনি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

ইসলামাবাদের প্রশাসনিক কাঠামো নিয়েও নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন আহসান ইকবাল। তিনি বলেন, রাজধানীর জন্য বিকল্প প্রশাসনিক মডেল তৈরির দায়িত্ব প্রধানমন্ত্রী তাঁকে দিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীর শাসনব্যবস্থা পর্যালোচনা করে স্থানীয় সরকার ও প্রাদেশিক পরিষদের সমন্বয়ে একটি মিশ্র শাসনব্যবস্থা প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত মডেলে ইসলামাবাদের জন্য একটি আইন প্রণয়নকারী পরিষদ এবং স্বশাসনব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। বর্তমানে রাজধানীসংক্রান্ত আইন প্রণয়নের বিষয়গুলো জাতীয় পরিষদ ও সিনেট নিয়ে গঠিত পাকিস্তানের পার্লামেন্টে উত্থাপন করতে হয়।

নতুন প্রস্তাব অনুযায়ী, ইসলামাবাদে একজন মুখ্যমন্ত্রী অথবা মেয়র এবং প্রায় ২৫ সদস্যের একটি পরিষদ থাকতে পারে। এতে ২১টি সাধারণ আসন, নারীদের জন্য তিনটি সংরক্ষিত আসন এবং সংখ্যালঘুদের জন্য একটি আসন রাখার কথা রয়েছে। পরবর্তী সময়ে ইউনিয়ন পরিষদের মাধ্যমে নির্বাচিত তৃতীয় স্তরের স্থানীয় সরকারব্যবস্থাও চালুর পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া রাওয়ালপিন্ডি বিভাগের আশপাশের এলাকাগুলো ইসলামাবাদের সীমানায় যুক্ত করে রাজধানীর আয়তন বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে বলে জানান মন্ত্রী। এতে ইসলামাবাদ স্বতন্ত্র প্রদেশের মর্যাদা পেতে পারে।

আহসান ইকবাল বলেন, অতিরিক্ত প্রদেশ গঠনের বিষয়ে আগামী ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় সিনেট নির্বাচনের আগেই সিদ্ধান্ত নিতে হবে। পাকিস্তানের ৯৬ সদস্যের উচ্চকক্ষে বর্তমানে চারটি প্রদেশের প্রত্যেকটির সমান প্রতিনিধিত্ব রয়েছে।

তিনি বলেন, সিনেট নির্বাচনের পর নতুন প্রদেশ গঠন করা হলে সেগুলো জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব না পাওয়ার অভিযোগ তুলতে পারে। সে ক্ষেত্রে পরবর্তী ছয় বছর বিষয়টি জটিলতা তৈরি করতে পারে।

এদিকে পাকিস্তানে রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা চালুর সম্ভাবনা নিয়ে চলা আলোচনাও নাকচ করেছেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, এ ধরনের ব্যবস্থা চালুর বিষয়ে কোনো গুরুতর প্রস্তাবের কথা তিনি শোনেননি।

নতুন প্রদেশ গঠনের বিতর্ক এগিয়ে নিতে রাজনীতিবিদদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে আহসান ইকবাল বলেন, বিচ্ছিন্নভাবে বিভিন্ন প্রস্তাব না দিয়ে রাজনীতিবিদদেরই সমন্বিতভাবে এ আলোচনা এগিয়ে নেওয়া উচিত।

পাকিস্তানের প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরও বলেন, সংবিধানের অষ্টাদশ সংশোধনীর পর প্রদেশগুলো নিজেদের দায়িত্ব স্থানীয় পর্যায়ে হস্তান্তর করেনি। ফলে প্রদেশগুলোর মধ্যে অতিরিক্ত কেন্দ্রীভূত প্রশাসনিক কাঠামো তৈরি হয়েছে।