ছবি: সংগৃহীত
'তাঁর কি যে গুণ / তিনিই আগুন সূর্যের সমকক্ষ’- এই পঙক্তির দ্যোতনায় এবং গভীর শ্রদ্ধাবোধে মুখরিত হয়ে উঠবে সুরমা নদীর তীর।
বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি, অসামান্য গীতিকার, সুরকার ও মুক্তপ্রাণের মানুষ সঞ্জীব চৌধুরীর প্রয়াণবার্ষিকী উপলক্ষে সিলেটে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয়পুর’-এর আয়োজনে প্রবহমান সুরমার পাড়ে বসবে এই প্রাণের আসর।
আগামীকাল বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬টায় সিলেটের ঐতিহাসিক সারদা হল প্রাঙ্গণে এই অনুষ্ঠান শুরু হবে।
হিমেল হাওয়া আর সুরমা নদীর স্নিগ্ধ আবহে ঐতিহাসিক এই প্রাঙ্গণ রূপ নেবে এক আবেগঘন মিলনমেলায়।
সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবসের এই আয়োজনে সিলেট নগরের সংস্কৃতিমনা মানুষ, তরুণ প্রজন্ম এবং তাঁর সৃষ্টিকর্মের অনুসারীদের দলে দলে এসে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
উল্লেখ্য, ২০০৭ সালের ১৯ নভেম্বর বাংলা গান ও সাংবাদিকতার অঙ্গনের প্রিয় মুখ সঞ্জীব চৌধুরী না ফেরার দেশে চলে যান। তাঁর সেই চিরবিদায়ের দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করেই ‘হৃদয়পুর’-এর উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়েছে।
আয়োজন সূত্রে জানা গেছে, সারদা হলের উন্মুক্ত প্রাঙ্গণে সুরমা নদীর জলতরঙ্গের সঙ্গে মিশে যাবে সঞ্জীব চৌধুরীর গাওয়া কালজয়ী গানগুলোর সুর-‘আমি তোমাকেই বলে দেবো’, ‘বায়োস্কোপের খেলা’ কিংবা ‘সাদা ময়লা রঙিলা পালে’।
