সিলেট-৪ আসনের উন্নয়নে আরিফুল হকের বড় উদ্যোগ, ৯৯৩ কোটি টাকার প্রকল্প
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ ২০:৫৯
ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রায় ৯৯৩ কোটি ১০ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে রয়েছে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ এবং ১১টি সেতু নির্মাণের উদ্যোগ।
বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রচেষ্টায় প্রকল্পগুলো অনুমোদন পেয়েছে বলে তাঁর পাঠানো এক বার্তায় জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, ‘সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সিলেট-৪ আসনের তিন উপজেলার জন্য ৪২৩ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে গোয়াইনঘাটে ১৩৯ কোটি ৫০ লাখ, কোম্পানীগঞ্জে ১৫০ কোটি ৭৫ লাখ এবং জৈন্তাপুরে ১৩২ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ ছাড়া ‘জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পে’ ৫২০ কোটি টাকা বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে মন্ত্রীর বার্তায় উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ‘সিলেট জেলাধীন গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের’ আওতায় ৪৯ কোটি ৮২ লাখ টাকার সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। পাশাপাশি সিলেট-৪ আসনে আরও ৫০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
সেতু নির্মাণের ক্ষেত্রেও উদ্যোগ নেওয়া হয়েছে। ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে সেতু নির্মাণ প্রকল্পের’ আওতায় গোয়াইনঘাটে আটটি এবং কোম্পানীগঞ্জে তিনটি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এতে দুই উপজেলায় মোট ১১টি সেতু নির্মিত হবে।
মন্ত্রীর বার্তায় বলা হয়েছে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে তিন উপজেলার সড়ক যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন ঘটবে। পাশাপাশি পর্যটন, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও গ্রামীণ অর্থনীতির বিকাশে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রকল্পগুলোর বরাদ্দ ও অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের তথ্যে কিছু পার্থক্য রয়েছে। তবে তিনটি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সিলেট-৪ আসনের জন্য মোট ৯৯৩ কোটি ১০ লাখ টাকার বরাদ্দের কথা উল্লেখ করা হয়েছে। সেতু নির্মাণ প্রকল্পের অর্থ এই হিসাবের বাইরে।
