ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু হয়েছে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা। শারদীয় পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এ উৎসব ঘিরে মণিপুরি পল্লিগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপ ও আদমপুরের তেতইগাঁওয়ে শুরু হয় রাস উৎসবের আনুষ্ঠানিকতা।
আয়োজকেরা জানান, এবার মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮৪তম রাসলীলা এবং আদমপুরে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের ৪১তম রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা কমলগঞ্জে এসেছেন। তাঁদের সঙ্গে রয়েছেন বিদেশি পর্যটকেরাও। রংবেরঙের পোশাক, বাদ্যযন্ত্রের সুর আর মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে মণিপুরি পল্লিগুলো। উৎসব উপলক্ষে বসেছে মেলা। আয়োজন শান্তিপূর্ণ রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দুপুরে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় রাস উৎসব। গোধূলি পর্যন্ত চলে এ নৃত্য। এতে রাখালবেশে শ্রীকৃষ্ণের বাল্যকাল তুলে ধরেন শিল্পীরা।
রাত ১১টার দিকে শুরু হবে মহারাসলীলার মূল আয়োজন। গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাকাহিনি নৃত্য, গান ও সুরের মাধ্যমে ফুটিয়ে তোলেন শিল্পীরা। এ পরিবেশনা চলবে ভোররাত পর্যন্ত।
এর আগে সোমবার সন্ধ্যায় মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে ১৮৪তম রাস উৎসবের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী।
মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহ স্বপন বলেন, রাখাল নৃত্যের মধ্য দিয়ে রাস উৎসব শুরু হয়েছে। প্রতিবছর এ উৎসব দেখতে সারা দেশ থেকে হাজার হাজার দর্শনার্থী আসেন। উৎসবকে ঘিরে মণিপুরি সম্প্রদায়ের প্রতিটি পরিবার কয়েক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে।
