সিলেটে ১ হাজার ৩৫৩ এইচএসসি পরীক্ষার্থীর ফল পরিবর্তন
সারা দেশে ফল পরিবর্তন ৩৩ হাজার ৩৪৯ জনের
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ ২২:১৪
ছবি: ইমজা নিউজ
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে সারা দেশে ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে সিলেট শিক্ষা বোর্ডে ফল পরিবর্তন হয়েছে ১ হাজার ৩৫৩ জনের।
সোমবার (২৩ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড এ তথ্য জানিয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তারা মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এর মধ্যে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছে, যা মোট আবেদনকারীর ১১ দশমিক ৪৫ শতাংশ।
বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে। ঢাকা বোর্ডে ৫ হাজার ৮৫৩ জন, কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮৬০ জন এবং কুমিল্লা বোর্ডে ৩ হাজার ৬৫ জনের ফল পরিবর্তন হয়েছে।
এ ছাড়া বরিশাল বোর্ডে ২ হাজার ৭৭২ জন, দিনাজপুরে ২ হাজার ২৪৮ জন, চট্টগ্রামে ২ হাজার ৪৩ জন, যশোরে ১ হাজার ৯০৯ জন, সিলেটে ১ হাজার ৩৫৩ জন, মাদরাসা বোর্ডে ১ হাজার ১২৮ জন এবং রাজশাহী বোর্ডে ৭৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে।
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং এডুকেশন বোর্ডের ফলাফল বিষয়ক ওয়েবসাইট থেকে পুনর্নিরীক্ষণের ফল জানতে পারছেন। পাশাপাশি আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হচ্ছে।
এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। সারা দেশে জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
