যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শিক্ষাব্যবস্থাকে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে নতুন ধারায় সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। কৃত্রিমভাবে পাসের হার বাড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় সরকার।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরে গার্লস আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে মিরপুর সায়েন্স কলেজের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সংস্কৃতি ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সঠিক ইতিহাস, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষায় নতুন প্রজন্মকে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, ইতিমধ্যে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের হাতে খেলাধুলার বই পৌঁছে দেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের মূল্যায়ন প্রসঙ্গে আমিনুল হক বলেন, বিগত সরকারের সময়ে প্রকৃত মেধা ও যোগ্যতার মূল্যায়ন না করে পাসের হার বাড়ানোর প্রবণতা ছিল। বর্তমান সরকার সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের প্রকৃত অর্জন ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করতে চায়। কোনো কৃত্রিম ফলাফল তৈরি না করে মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে।
তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে তরুণেরা নানা ধরনের সামাজিক অবক্ষয় ও বিপথগামিতার ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতি থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরেই বাংলাদেশকে একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
