শিরোনাম
শ্রমিক অসন্তোষে বাংলাদেশের পোশাক খাতে ধাক্কা, লাভবান ভারত গোপালগঞ্জে বিকাশ লেনদেন অস্বাভাবিক, সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন সিলেটে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, লড়ছে ১৪ দল প্রবাসীর মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দেবে সরকার! সিলেটে শুক্র ও শনিবার আবাসিক প্রিপেইড মিটারে গ্যাস রিচার্জ বন্ধ থাকবে জামালগঞ্জের সুরমায় নৌকাডুবি: নিখোঁজ দুই শ্রমিকেরই লাশ উদ্ধার খাবারে ভেজাল, টিলাগড়ের স্বদেশী ফুডকে ১ লাখ টাকা জরিমানা ১১২ কর্মীর যাত্রা দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন অধ্যায় শুক্রবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

20973

economics

প্রকাশিত

২৭ নভেম্বর ২০২৬ ২১:৫৫

অর্থনীতি

শ্রমিক অসন্তোষে বাংলাদেশের পোশাক খাতে ধাক্কা, লাভবান ভারত

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ ২১:৫৫

ছবি: সংগৃহীত

শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও ক্রমবর্ধমান ব্যয়ের কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাত থেকে ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলো। চলতি নভেম্বরের প্রথম ১৮ দিনে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ এশিয়ার অন্যান্য উৎপাদন কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এর বড় অংশই পেয়েছে প্রতিবেশী ভারত।

শিল্পসংশ্লিষ্টদের আশঙ্কা, সাম্প্রতিক অস্থিরতার কারণে সাময়িকভাবে ক্রয়াদেশ স্থানান্তর হলেও এর প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে। কারণ, বিকল্প দেশগুলোতে নতুন করে উৎপাদন ও সরবরাহব্যবস্থা গড়ে তুললে আন্তর্জাতিক ক্রেতারা ভবিষ্যতেও সেসব দেশের ওপর নির্ভর করতে পারেন।

শিল্পনেতারা বলছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তায় বাংলাদেশের স্বল্প ব্যয়ে পোশাক উৎপাদনের সক্ষমতা চাপে পড়েছে। ফলে বৈশ্বিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ ছাড়াও ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াকে বিকল্প উৎপাদনকেন্দ্র হিসেবে বিবেচনা করছে।

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভে এ খাতে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এবং উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থান তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল। ফলে এ খাতে ক্রয়াদেশ কমে যাওয়া দেশের অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

গত বুধবার সরকার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেয়। গত চার দশকের মধ্যে এটিই সর্বনিম্ন মজুরি বৃদ্ধির হার বলে উল্লেখ করা হয়েছে। তবে ন্যূনতম মজুরি দ্বিগুণের বেশি করার দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন। এতে পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার মজুরি বৃদ্ধির সিদ্ধান্তকে সন্তোষজনক উল্লেখ করে শনিবার থেকে শ্রমিকেরা কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেন। তবে মাঠপর্যায়ের অস্থিরতা পুরোপুরি কাটেনি। শিল্পনেতাদের মতে, নতুন মজুরি কাঠামোর ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয়ের প্রতিযোগিতামূলক সুবিধা আরও সংকুচিত হবে। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলোর দাবি, আন্তর্জাতিক পোশাকশিল্পের মানদণ্ডে এ মজুরি এখনো অনেক কম।

আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কারখানামালিক জানান, চলমান অস্থিরতার কারণে বিভিন্ন ব্র্যান্ড তাদের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে। এর বড় অংশ পেয়েছে ভারত। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স। এমঅ্যান্ডএস, এইচঅ্যান্ডএম ও সেলিও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর ভারতের বস্ত্র খাতের শেয়ারের দামও বেড়েছে। দেশটির গোকলদাস এক্সপোর্টসের শেয়ারের দাম ১১ শতাংশ পর্যন্ত এবং ট্রাইডেন্টের শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে। এ ছাড়া ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলের শেয়ারের দামও প্রায় ২ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে।

বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি বৃদ্ধির পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ ও কাঁচামালের বাড়তি দাম উদ্যোক্তাদের ওপর বড় চাপ তৈরি করেছে। এমন এক সময়ে মজুরি বাড়াতে হয়েছে, যখন ক্রেতারা পণ্যের দাম কমানোর চাপ দিচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা তীব্র হচ্ছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ না করে বলেন, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্যত্র সরে যাওয়া একদিকে আর্থিক ক্ষতি কমাতে সাহায্য করছে, অন্যদিকে বৈশ্বিক ক্রেতাদের ধরে রাখতেও সহায়তা করছে।

তবে কারখানামালিকদের বড় উদ্বেগ, একবার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেলে ক্রেতারা নতুন উৎপাদনকেন্দ্র মূল্যায়নের সুযোগ পান। এতে ভবিষ্যতের ব্যবসাও হারানোর আশঙ্কা তৈরি হয়। মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে দীর্ঘস্থায়ী জ্বালানি সংকট উৎপাদন ব্যাহত করছে। অনেক কারখানাকে ব্যয়বহুল বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে।

মহিউদ্দিন চৌধুরী জানান, সরবরাহকারী নির্বাচনের ক্ষেত্রে ক্রেতারা এখন পণ্যের দামের চেয়ে দ্রুত সরবরাহকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বাংলাদেশের তুলনায় ভারত প্রায় এক সপ্তাহ এবং ভিয়েতনাম ও কম্বোডিয়া প্রায় ১৫ দিন আগে পণ্য সরবরাহ করতে পারে। প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে উৎপাদন ও সরবরাহ সম্পন্ন করতে ৬০ থেকে ৯০ দিন লাগলেও বাংলাদেশে সময় লাগে প্রায় ১২০ দিন।

এদিকে চলমান অস্থিরতায় ঢাকা ও আশপাশের কারখানাগুলোতে আনুমানিক ২০ থেকে ২৫ কর্মদিবসের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে তৈরি হয়েছে বড় ধরনের উৎপাদন ও সরবরাহ জট। নির্ধারিত সময়ে পণ্য পৌঁছাতে অনেক কারখানা অতিরিক্ত সময় কাজ করানো এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা ভাবছে।

ইউরোপীয় ব্র্যান্ডগুলোতে পোশাক সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম জানান, অস্থিরতার কারণে নতুন ক্রয়াদেশ আসা বন্ধ হয়ে গেছে। গত ১ নভেম্বর থেকে তাঁর বেশির ভাগ ক্রেতা নতুন অর্ডার দেওয়া বন্ধ রেখেছেন। আগের অর্ডারগুলো সরিয়ে নেওয়া, স্থগিত করা অথবা বাতিল করে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তাঁরা।

এর পাশাপাশি ভারত থেকে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে রাজনৈতিক উত্তেজনাও নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা বাড়িয়েছে। শিল্পনেতারা মনে করছেন, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ধরে রাখতে হলে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি।

মহিউদ্দিন চৌধুরী সতর্ক করে বলেন, অস্থিরতার সুযোগে যেসব ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলেও সেগুলো আর ফিরে নাও আসতে পারে। সাময়িকভাবে স্থানান্তরিত ক্রয়াদেশ যেন দীর্ঘমেয়াদি সিদ্ধান্তে পরিণত না হয়, সে জন্য দ্রুত ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে হবে। কারণ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প রয়েছে। অস্থিরতা অব্যাহত থাকলে তারা বাংলাদেশের জন্য অপেক্ষা করবে না।