মার্কিন সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরীফুল খান
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫ ১১:১৯
ছবি: সংগৃহীত।
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কর্নেল শরীফুল এম. খান পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়ার জেনারেলের মর্যাদায় অভিষিক্ত হয়েছেন। ১৩ জুন ওয়াশিংটন ডিসির পেন্টাগনে এ পদোন্নতি ঘোষণা করা হয় এবং ১৯ আগস্ট আয়োজিত অনুষ্ঠানে তার শপথ পাঠ করান যুক্তরাষ্ট্র স্পেস ফোর্সের ভাইস চিফ অব স্পেস অপারেশন্স জেনারেল শন ব্রাটন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত এম. ওসমান সিদ্দিক, যিনি একে ‘ইতিহাস সৃষ্টির ঘটনা’ হিসেবে উল্লেখ করেন।
বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল খান পেন্টাগনে গোল্ডেন ডোম ফর আমেরিকা-এর ডিরেক্টর অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মহাকাশ নিয়ন্ত্রণ, স্যাটেলাইট অপারেশন, প্রতিরক্ষা নীতি ও আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার কাজে বিশেষ অবদান রেখেছেন।
১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে স্নাতক হওয়া শরীফুল খান পরবর্তী সময়ে এমআইটি, জর্জটাউন ও নেভাল ওয়ার কলেজসহ শীর্ষ সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। কর্মজীবনে তিনি কুয়েত ও মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্পেস অপারেশনস ও উইং কমান্ড করেছেন।
সামরিক জীবনে তিনি লেজিয়ন অব মেরিট, ডিফেন্স মেরিটোরিয়াস সার্ভিস মেডেল, জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেলসহ একাধিক পদক অর্জন করেছেন।
রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক বলেন, ‘শরীফুল খান শুধু মার্কিন সেনাবাহিনীর গর্ব নন, তিনি বাংলাদেশি অভিবাসী সমাজেরও এক উজ্জ্বল দৃষ্টান্ত।’
