ফেসবুক থেকে সংগৃহিত স্ক্রিনশট
পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক, সংবাদ সম্মেলন দুপুর ২টায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে আজ সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হবেন ইশরাক হোসেন। সোমবার সকাল সাড়ে ৮টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পদত্যাগ নিয়ে কিছু মানুষের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখেছেন। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁদের জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে ফিরে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। পোস্টে তিনি আরও বলেন, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রমে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি। পোস্টের শেষে মাদক নির্মূলের ওপর গুরুত্বারোপ করেন ইশরাক।
এর আগে গতকাল রোববার সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানায়, ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগের দিন শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ গুন্টিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক। ওই অভিযানে তাঁর হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতেও অস্ত্র ছিল।
ইশরাকের নিজের ফেসবুক পেজে প্রকাশিত অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। একজন প্রতিমন্ত্রীর এভাবে অস্ত্র প্রদর্শন করে অভিযানে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি ও অসন্তোষ তৈরি করে। ঘটনাটি তদন্তে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনারকে দায়িত্ব দিয়েছে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে আইন লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্র হাতে অভিযানে অংশ নেওয়ার ঘটনা নিয়ে সমালোচনার মধ্যে ইশরাক দাবি করেছিলেন, মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে অংশ নিতে তিনি সেখানে গিয়েছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পুলিশ, স্থানীয় রাজনৈতিক নেতা ও সামাজিক নেতাদের যৌথ সিদ্ধান্তে ওই কর্মসূচি নেওয়া হয়েছিল। এখন প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে দুপুর ২টায় সাংবাদিকদের সামনে আসছেন ইশরাক হোসেন। তাঁর এই ঘোষণার মধ্য দিয়ে সাম্প্রতিক অস্ত্রকাণ্ড ঘিরে তৈরি হওয়া বিতর্কে নতুন মোড় আসতে পারে।
