https://www.emjanews.com/

11107

sports

প্রকাশিত

০৩ নভেম্বর ২০২৫ ২১:৪৭

খেলাধুলা

বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ ২১:৪৭

ছবি: সংগৃহিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের পরিচিত কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা।

সোমবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব নিচ্ছেন রুবাবা দৌলা। এর আগে ২০০৭ সালে মনোয়ারা আনিস মিনু এই পদে দায়িত্ব পালন করেছিলেন। এনএসসি মনোনীত নতুন পরিচালক হিসেবে রুবাবা দৌলা আজ থেকেই বোর্ড সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

তিনি ইশফাক আহসানের জায়গায় দায়িত্ব নিচ্ছেন। এনএসসির অফিসিয়াল নোটিশে জানানো হয়েছে, ইশফাক আহসান স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি বোর্ড নির্বাচনের পর এনএসসি দুইজন পরিচালক মনোনীত করেছিল- ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সল আশিক। তবে ইশফাকের মনোনয়নকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়, কারণ তিনি একসময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং সর্বশেষ জাতীয় নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। পরে এনএসসি জানায়, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং তার জায়গায় রুবাবা দৌলাকে মনোনীত করা হয়েছে।

বর্তমানে রুবাবা দৌলা ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি নেপাল ও ভুটানের কার্যক্রমও দেখছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের উচ্চপদে দায়িত্ব পালন করেছেন।

কর্পোরেট জীবনের পাশাপাশি খেলাধুলার প্রশাসনেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং বর্তমানে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।