https://www.emjanews.com/

11236

sports

প্রকাশিত

০৮ নভেম্বর ২০২৫ ২১:৪৯

খেলাধুলা

ফিক্সিং ঝড়ে টালমাটাল তুরস্কের ফুটবল অঙ্গন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫ ২১:৪৯

ছবি: সংগৃহিত

তুরস্কের ফুটবলে দেখা দিয়েছে বড় ধরনের জুয়ার কেলেঙ্কারি। ফিক্সিংয়ের অভিযোগে দেশটির ফুটবল অঙ্গন এখন টালমাটাল।

ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির প্রসিকিউটররা। এর মধ্যে রয়েছেন ১৭ জন রেফারি ও তুরস্কের শীর্ষ লিগের একটি ক্লাবের সভাপতি।

ইস্তানবুলের প্রধান প্রসিকিউটর কার্যালয়ের তথ্যমতে, ইস্তানবুলসহ ১২টি প্রদেশে ভোরে পরিচালিত সমন্বিত অভিযানে অন্তত ১৮ জনকে আটক করা হয়েছে। রেফারিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে দায়িত্বের অপব্যবহার ও ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টার।

ক্রীড়াবিষয়ক গণমাধ্যম ইএসপিএন জানায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন তুরস্ক সুপার লিগের ক্লাব আইউপস্পোরের সভাপতি মুরাত ওজকায়া এবং কাসিমপাসার সাবেক মালিক ফাতিহ সারাচ।

এর আগে গত সপ্তাহে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ) ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে সাময়িকভাবে বরখাস্ত করে। সরকারি তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য- ৫৭১ জন সক্রিয় রেফারির মধ্যে ৩৭১ জনেরই বেটিং কোম্পানিতে অ্যাকাউন্ট রয়েছে!

এদের মধ্যে ১৫২ জন রেফারি সরাসরি ফুটবল ম্যাচে বাজি ধরেছেন, যার মধ্যে ৭ জন শীর্ষ পর্যায়ের রেফারি এবং ১৫ জন সহকারী রেফারি। তদন্তে আরও জানা গেছে, কয়েকজন রেফারি গত পাঁচ বছরে ১০ হাজারেরও বেশি ম্যাচে বাজি ধরেছেন। একজন রেফারি একাই ১৮,২২৭টি ম্যাচে বাজি ধরেছেন বলে অভিযোগ উঠেছে।

তুরস্কের ফুটবলে এই ফিক্সিং কেলেঙ্কারি দেশটির ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।