https://www.emjanews.com/

11916

sylhet

প্রকাশিত

০৩ ডিসেম্বর ২০২৫ ২২:১৮

সিলেট

সিলেটে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ ২২:১৮

ছবি: সংগৃহিত

`প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি' প্রতিপাদ্যে সিলেটে উদ্‌যাপিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস।

বুধবার (৩ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ, আর্ট এক্সিবিশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।

তিনি বলেন, প্রতিবন্ধী নয়, ‘বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি- এটাই হওয়া উচিত আমাদের দৃষ্টিভঙ্গি ‘

সংবিধানে সকল নাগরিকের সমঅধিকারের কথা উল্লেখ থাকায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন,‘ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সৃষ্টিকর্তার দান। সঠিকভাবে লালন-পালন করলে তারাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হতে পারে।’

অভিভাবক ও সংশ্লিষ্ট ফাউন্ডেশনগুলোর উদ্দেশে তিনি জানান, সমাজকে প্রমাণ করতে হবে যে প্রতিবন্ধীরা বোঝা নয়, বরং রাষ্ট্রের সম্পদ।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ।

আরও বক্তব্য দেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খান শামসু এবং সাংবাদিক আফতাব চৌধুরী।

স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক।

অনুষ্ঠানে সিলেট জেলার সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তি, সংশ্লিষ্ট বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও প্রধানগণ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

আলোচনা সভা শেষে ৬ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।