যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় সিলেটের শিক্ষার্থী শাকিলের মৃ ত্যু
প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬ ১৮:৩৪
ছবি: নাফিউল হক শাকিল
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে সংঘটিত দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে তিনি মারা যান সিলেটের নাফিউল হক শাকিল। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন
গেলো বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে কমার্শিয়াল রোডে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাকিল।
নিহত নাফিউল হক শাকিল (২৩) সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার ব্রাহ্মণ গ্রামের ব্যবসায়ী ফয়জুল করিমের ছেলে। চিকিৎসকদের বরাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্যপ্রবাসী হাফিজ সোহেল আহমেদ।
স্বজনরা জানান, মাত্র এক বছর আগে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে যান শাকিল। তিনি লন্ডনের সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স বিষয়ে পড়াশোনা করছিলেন। পড়াশোনার পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য তিনি ফুড ডেলিভারির কাজ করতেন।
ঘটনার বর্ণনায় জানা যায়, দুর্ঘটনার দিন সাইকেল চালিয়ে ডেলিভারির কাজে যাওয়ার সময় কমার্শিয়াল রোডে একটি কালো রঙের গাড়ির সামনে পৌঁছামাত্র হঠাৎ গাড়ির দরজা খুলে দেওয়া হয়। এতে দরজার সঙ্গে ধাক্কা লেগে শাকিল সড়কে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে একটি লরি তার ওপর দিয়ে চলে গেলে তিনি মারাত্মকভাবে আহত হন। খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।
নিহতের স্বজন হাফিজ সোহেল আহমেদ বলেন, শাকিলের মৃত্যুর খবরে পরিবারে গভীর শোক নেমে এসেছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। তিনি শাকিলের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
