ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এনে ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্রে রূপান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর অধীনে এনে ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রুমন আরও জানান, শুধু এলজিইডি-এর অধীনে পরিত্যক্ত ভবনের সংখ্যা রয়েছে ১৭০টি। প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি ও এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব পরিত্যক্ত ভবন রয়েছে, সেগুলো দ্রুত ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহারযোগ্য করে তুলতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
এছাড়া বৈঠকে ই-হেলথ কার্ড চালুর কার্যক্রম দ্রুত শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারের নীতি হলো চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এমএ মুহিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
