ছবি: পিআইডি, সিলেট।
সিলেট বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার–২০২৫’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) সিলেট জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তৃণমূল পর্যায়ের নারীদের সমাজ উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করার একটি কার্যকর উদ্যোগ হলো অদম্য নারী পুরস্কার কার্যক্রম। সরকার নারীদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজে সম্মানজনক অবস্থান প্রতিষ্ঠায় অদম্য নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ নামে একটি পাইলট প্রকল্প চালুর কাজ চলমান রয়েছে, যা পরিবারের নারী প্রধানদের প্রদান করা হবে। নারীদের অবহেলা করে কোনো সমাজ, দেশ বা রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না।
শিক্ষা বিস্তার, অধিকার প্রতিষ্ঠা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কর্তৃত্বপরায়ণ মানসিকতা দূর করে নারীদের নির্বিঘ্নে এগিয়ে যাওয়ার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলনায়ারুল হক, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আসিক উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক নাসিমা আক্তার।
এ বছর সিলেট বিভাগে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারী ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ অর্জন করেন। তাঁরা হলেন- অর্থনৈতিকভাবে সফল নারী কুলসুমা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অবদানে মোছাম্মৎ আমিনা বেগম, সফল জননী মোছা. রহিমা বেগম, নির্যাতনের বিভীষিকা কাটিয়ে সফল নারী কাঞ্চন বেগম এবং সমাজ উন্নয়নে বিশেষ অবদানে রিফাত আরা রিফা।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
