ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সেবায় কড়াকড়ি আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী বিকাশ, রকেট ও নগদসহ সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। এছাড়া এক দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেনের অনুমতি দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এমএফএস ও এনপিএসবি’র আওতাধীন আইবিএফটি (ইন্টার ব্যাংক ফান্ড ট্রান্সফার) ব্যবস্থার মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে (পি-টু-পি) লেনদেনের অপব্যবহার রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এ বিধিনিষেধ কার্যকর থাকবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বিকাশ, রকেট ও নগদসহ সব এমএফএস গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। প্রতিবার লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা এবং দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে।
তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী লেনদেন অব্যাহত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই ৯৬ ঘণ্টা অন্যান্য সব ধরনের এমএফএস লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে।
বর্তমানে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে তিন লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারকে নিজস্ব ‘কুইক রেসপন্স সেল’ গঠন করতে হবে। একই সঙ্গে এ সময় সব ধরনের লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের (ক্লোজ মনিটরিং) আওতায় রাখতে হবে।
সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুত সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া আলোচ্য ৯৬ ঘণ্টার মধ্যে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং (আইবিএফটি’র মাধ্যমে লেনদেন) সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলো নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
