সিলেট-৬
দিনবদলের জন্য মানুষ ভোট দিবে দাঁড়িপাল্লায়: সেলিম উদ্দিন
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬ ২২:১৮
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির এবং সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের দাঁড়িপাল্লার সমর্থনে শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ সদরে অনুষ্ঠিত পৃথক পথসভায় জনতার স্রোত নামে দাঁড়িপাল্লার পক্ষে।
এই সময় ভোটার ও নাগরিকদের উদ্দেশে সেলিম উদ্দিন বলেন, ‘দেশের মানুষ দিনবদলের আশায় ১২ তারিখের অপেক্ষায় প্রহর গুণছে। মানুষ পরিবর্তন চায়, দুর্নীতি-অপশাসনের অবসান চায়। এই জন্য তারা সৎ, যোগ্য ও ইনসাফের পক্ষে সোচ্চার দাঁড়িপাল্লায় ভোট দিতে উন্মুখ হয়ে আছে।’
তিনি বলেন, ‘আপনারা যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন সংসদের প্রথম অধিবেশনে গিয়ে জানতে চাইবো এতদিন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীকে কেনো গ্যাস থেকে বঞ্চিত রাখা হয়েছে। প্রবাসী অধ্যুষিত ও প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দুটি উপজেলার সঙ্গে এতদিন বিমাতা সুলভ আচরণ করা হয়েছে। আমাদের গ্যাস দিয়ে বাংলাদেশের কলকারখানা চলে, অথচ এই অঞ্চলের মানুষ গ্যাস থেকে বঞ্চিত। এভাবে চলতে দেওয়া হবে না। এই জনপদের দিনবদলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন।’
সেলিম উদ্দিন আরও বলেন, ‘খুব শীগ্রই গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের দিনবদল হতে যাচ্ছে। আগামীদিনের সূর্যোদয় যেমন সত, দুই উপজেলার উন্নয়নও তেমন সত্য। আমি এমন এলাকা গড়ে তুলতে চাই যেখানে আপনি দরজা খোলা রেখে ঘুমাতে পারবেন, দোকান খোলা রেখে নামাজে যেতে পারবেন। আধুনিক, নিরাপদ ও মানবিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়তে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করুন। জনপ্রতিনিধি নয়, সেবক হিসেবে সর্বদা পাশে পাবেন, ইনশাআল্লাহ।’
বিকেলে বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ বিয়ানীবাজারে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ রুকন উদ্দিন, মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফরিদ আহমদ ও ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়বে আমির মুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, বিয়ানীবাজার পৌর জামায়াতের আমির কাজী মুহাম্মদ জমির হোসেন, প্রবাসী কমিউনিটি নেতা মুহাম্মদ বাবুল খান, নুরুল ইসলাম, আবু বক্কর নাসিম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রব, এনসিপি সমন্বয়ক সুপ্রিয় বড়ুয়া ও সিলেট জেলা শিবিরের সেক্রেটারি আদিলুর রহমান প্রমুখ।
রাতে গোলাপগঞ্জ চৌমুহীনতে শেষ জনসভায় বিশাল জনস্রোতের মাঝে দাঁড়িয়ে সেলিম উদ্দিন বক্তৃতা করেন।
