ছবি: সংগৃহীত
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিলের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।
আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীব-এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।
রিট আবেদনে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের প্রক্রিয়া ও ফলাফলের বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। এ কারণে ঘোষিত ফল বাতিল করে নতুন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়। এতে মোট ভোটার উপস্থিতির হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।
গত ১৩ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ফলাফলের বিস্তারিত তুলে ধরে তিনি জানান, গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার। অন্যদিকে, বিপক্ষে অর্থাৎ ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন ভোটার।
রিট দায়েরের পর গণভোটের ফলাফল ঘিরে নতুন করে রাজনৈতিক ও আইনগত আলোচনা শুরু হয়েছে। এখন হাইকোর্টের শুনানির দিকেই সবার নজর রয়েছে।
