ছবি: সংগৃহীত
চলতি মার্চ মাসে দেশে তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ মাসে কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও রয়েছে।
রোববার (১ মার্চ) সংস্থাটির মার্চ মাসব্যাপী পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, মার্চ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে এবং তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।
এ মাসে দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হতে পারে। পাশাপাশি ১ থেকে ২ দিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া মার্চ মাসের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ১ থেকে ২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
তবে এ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আসন্ন গরম ও ঝড়ো আবহাওয়ার কারণে জনসাধারণকে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
