ছবি: সংগৃহীত
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী এপ্রিল মাসের শেষার্ধে দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত তিন মাসের (ফেব্রুয়ারি থেকে এপ্রিল) দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, সামগ্রিকভাবে এ সময়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এপ্রিলের শেষার্ধে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ সময় দেশের বিভিন্ন এলাকায় চার থেকে আট দিন বজ্রবৃষ্টি, বজ্রপাত, শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানানো হয়েছে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, এপ্রিলের শেষার্ধে দেশে- ৩ থেকে ৫টি মৃদু তাপপ্রবাহ (৩৭° থেকে ৩৭.৯° সেলসিয়াস), ৩ থেকে ৫টি মাঝারি তাপপ্রবাহ (৩৮° থেকে ৩৯.৯° সেলসিয়াস), এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ (৪০° থেকে ৪১.৯° সেলসিয়াস) বয়ে যেতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়ের কারণে জনজীবন, কৃষি ও বিদ্যুৎ ব্যবস্থায় প্রভাব পড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্রমজীবী মানুষকে সতর্ক থাকতে হবে।
আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী সতর্কবার্তা জারি করা হবে বলে জানিয়েছে।
