শিক্ষার্থী, প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য রেলসেবায় ২৫ শতাংশ ভাড়া ছাড়
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ ২০:০৫
ছবি: সংগৃহীত
শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য মেট্রোরেলসহ সব ধরনের রেলসেবায় ২৫ শতাংশ ভাড়া ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (৩ মার্চ) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তবে এই ভাড়া ছাড় কার্যকর হতে কিছুটা সময় লাগবে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘আসন্ন ঈদযাত্রায় বাস ভাড়া বাড়ার কোনো শঙ্কা নেই। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, ঈদযাত্রা স্বাভাবিক ও নিরাপদ রাখতে পরিবহন খাতে মনিটরিং জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকদের যাতায়াত ব্যয় কমবে এবং রেলসেবায় তাদের অংশগ্রহণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
