ছবি: রাহাদ হাসান মুন্না।
হাওরের বাঁধ নির্মাণে অনিয়ম করে কেউ থাকতে পারবেন না বলে হুশিয়ারী করেছেন, সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
এসময় তিনি বলেন, তাহিরপুরে যারা চাকরি করতে আসে তারা টাকা দিয়ে আসতে হয়, এখন টাকা দিয়ে যেতে হবে বলে পাউবোর দায়িত্বশীল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পিআইসিদের সর্তক করেন।
তিনি বলেন, ‘আমি হাওর পাড়ের সন্তান আমি সব কিছু বুঝি, সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলাম। প্রয়োজনে আমরাও ভয়ংকর হতে পারি। তাই অনুরোধ করবো আমাদের বাধ্য করবেন না। অনিয়ম ছাড় দেয়া হবে না, কঠোর পদক্ষেপ নেয়া হবে, কঠিন পরিস্থিতির শিকার হবেন।’
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আলমখালী বাঁধ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ‘পাহাড়ি ঢলের পানিতে ফসল রক্ষা বাঁধের কোনো ক্ষতি হলে কোনো ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান অনিয়ম দূর্নীতিসহ সকল কাজেই জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছেন তা সবার মাথায় রাখতে হবে।’
পাউবোর দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, ‘পিআইসিরা টাকার চেক নিতে গেলে কোনো টাকা রাখা হয় তাহলে এর জবাবদিহি করতে হবে। মাথায় রেখে কাজ করবেন। আর আপনারা সমগ্র হাওর রক্ষা বাঁধ গুলোতে পরিবেশ বান্ধব বাঁধ নির্মাণ করেন।’
এসময় উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, সুনামগঞ্জ পাউবো প্রকৌশলী মামুন হাওলাদার, তাহিরপুর থানার (ওসি) মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম যুগ্ম-আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, দক্ষিন বড়দলের সাবেক ইউপি চেয়ারম্যান হাজী মো. আজহার আলী, যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বলসহ বিএনপি নেতাকর্মী সমর্থক ও হাওর পাড়ের কৃষকগণ উপস্থিত ছিলেন।
