ছবি: ডোনাল্ড ট্রাম্প।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরান-এর সামরিক সক্ষমতা অনেকটাই ভেঙে দেওয়া হয়েছে এবং দেশটি এখন কার্যত দুর্বল অবস্থায় রয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইরানের নেতারা বোকা নন, বরং তারা অত্যন্ত বুদ্ধিমান এবং চমৎকার আলোচক। তবে তারা জঘন্য লড়াকু।’
ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র নির্ধারিত সময়ের আগেই এগিয়ে রয়েছে। তিনি বলেন, ‘আমরা ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি। তারা পরাজিত এবং আর ঘুরে দাঁড়াতে পারছে না।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত ধ্বংস করছে, প্রতিরক্ষা শিল্পভিত্তি ভেঙে দিয়েছে এবং নৌ ও বিমান বাহিনীকে কার্যত অচল করে দিয়েছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের প্রায় ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র লঞ্চারও ধ্বংস করা হয়েছে।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুদ্ধ থামাতে ইরান ‘চুক্তির জন্য ভিক্ষা করছে’। তবে এ বিষয়ে তিনি অনিশ্চয়তার কথাও জানান। যুদ্ধবিরতি বা কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব কি না-এ প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি জানি না আমরা সেটা করতে পারব কিনা, এমনকি আমরা সেটা করতে চাই কিনা তাও নিশ্চিত নই।’
উল্লেখ্য, ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান সংঘাত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। যদিও তেহরান এখনো আনুষ্ঠানিকভাবে শান্তি আলোচনায় অংশ নিচ্ছে না বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে
