প্রত্যেক নাগরিককে ‘বৈশাখী বোনাস’ দেওয়ার সংবাদটি ভু/য়া
প্রতারণার ফাঁদে সতর্ক থাকার আহ্বান
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ ১৮:৪৮
ছবি: সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান পহেলা বৈশাখ উপলক্ষে নাগরিকদের জন্য ২৫০০ টাকা ‘বৈশাখী বোনাস’ দিচ্ছেন। এতে বলা হয়, একটি নির্দিষ্ট লিংকে আবেদন করলে মাত্র ২ মিনিটের মধ্যেই এই অর্থ পাওয়া যাবে।
তবে ফ্যাক্টচেকিং সংস্থা রিউমর স্ক্যানার-এর অনুসন্ধানে জানা গেছে, এই দাবিটি সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণামূলক।
রিউমর স্ক্যানারের তদন্তে দেখা যায়, প্রচারিত লিংকে প্রবেশ করলে ‘বৈশাখী উপহার ও ভাতা ২০২৬’ শিরোনামের একটি ভুয়া ওয়েবসাইট দেখা যায়, যেখানে অনলাইনে আবেদন করলে প্রতিটি পরিবারকে ২৫০০ টাকা দেওয়ার কথা বলা হয়। ব্যবহারকারীদের একটি ফরম পূরণের জন্য উৎসাহিত করা হয়, যেখানে মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য দিতে বলা হয়।
কিন্তু বাস্তবে ওই লিংকে কোনো বৈধ আবেদন প্রক্রিয়া নেই। বরং ব্যবহারকারীকে “luckydraw” নামের একটি বেটিং সাইটে রিডাইরেক্ট করা হয়, যেখানে ‘Free Money’ বা ‘Welcome Bonus’-এর প্রলোভন দেখানো হয়। এসব সাইটে সাধারণত অর্থ উত্তোলনের জন্য নানা শর্ত আরোপ করা হয় এবং অনেক ক্ষেত্রে ব্যবহারকারীর ব্যক্তিগত বা আর্থিক তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়।
এছাড়া সংশ্লিষ্ট ওয়েবসাইটটির ডোমেইন incomebd.online, যা সরকারি ওয়েবসাইটের কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সাধারণত সরকারি কোনো ভাতা, অনুদান বা আর্থিক সহায়তা সংক্রান্ত তথ্য ‘.gov.bd’ ডোমেইনে প্রকাশ করা হয়। ডোমেইন যাচাইকারী সাইট whois.com-এর তথ্য অনুযায়ী, এই ডোমেইনটি মাত্র তিন দিন আগে নিবন্ধিত হয়েছে, যা এর সন্দেহজনক প্রকৃতিকে আরও জোরালো করে।
আরও দেখা গেছে, ‘Dr Zubaida Rahman’ নামের যে ফেসবুক পেজ থেকে এই দাবি প্রচার করা হয়েছে, সেটিও কোনো নির্ভরযোগ্য বা স্বীকৃত উৎস নয়। পেজটির পূর্ববর্তী কার্যক্রম বা গ্রহণযোগ্যতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পরবর্তী অনুসন্ধানে দেশের মূলধারার গণমাধ্যম, সরকারি কোনো অফিসিয়াল ওয়েবসাইট কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে এ ধরনের কোনো আর্থিক সহায়তা বা বোনাস ঘোষণার তথ্য পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রতারণামূলক লিংকের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি, সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক এবং পরবর্তীতে ব্ল্যাকমেইলের মতো ঘটনাও ঘটতে পারে।
সুতরাং, পহেলা বৈশাখ উপলক্ষে ২৫০০ টাকা ‘বৈশাখী বোনাস’ দেওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ব্যবহারকারীদের এ ধরনের লিংক থেকে দূরে থাকার এবং ব্যক্তিগত তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।
