সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে রুস্তমপুর ইউনিয়নের লামারবাজার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মাঠে সচেতন গোয়াইনঘাট বাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, ১নং রুস্তমপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মখলিছুর রহমান, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহব্বায়ক কমিটির সদস্য এম এ মান্নান, স্থানীয় মুরব্বি মুহিবুর রহমান মহিব, জহির উদ্দিন, ময়না মিয়া, ফয়জুর রহমান মুরব্বি, নূর উদ্দিন, স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস ভূমি কর্মকর্তার ব্যক্তিগত প্রতিষ্ঠানে রুপান্তর করেছেন। লাখ টাকা হাতিয়ে নিয়ে রশিদ দেওয়া হয় ১৫০০-২০০০ টাকার। আমরা ইতোপূর্বে অনেক আবেদন সরকারের বিভিন্ন দপ্তরে করা হলেও কোন প্রতিকার হয়নি। আগামী ২৪ ঘন্টার মধ্যে দূর্নীতিবাজ ভূমি কর্মকর্তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হলে ইউনিয়ন বাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে।’
ভুক্তভোগীদের অভিযোগ, ‘ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন সময়মত অফিস করেন না। জনগনের প্রয়োজন অনুযায়ী কাগজপত্র না পেয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়। তাছাড়া গত বুধবার ২৫ মার্চ নিজ রুমে অফিস সহায়ককে দরজা বন্ধ করে মারধরের চিত্র সারাদেশের মানুষের নিকট ইউনিয়নের ভাবমূর্তিকে বিনষ্ট করেছে। একজন ভূমি কর্মকর্তা এবং অফিস সহায়ক অফিসে এমন আচরণ আমাদের জন্য উদ্বেগের।’ তাই অনতিবিলম্বে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
আয়োজিত এ মানববন্ধনে রুস্তমপুর, তোয়াকুল ইউনিয়নসহ ভুক্তভোগী শতাধিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
