https://www.emjanews.com/

14616

sports

প্রকাশিত

৩০ মার্চ ২০২৬ ১৯:২৮

খেলাধুলা

ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তোলার ওপর জোর প্রধানমন্ত্রীর

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ ১৯:২৮

ছবি: সংগৃহীত

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত না হয়ে মাঠের খেলায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘খেলোয়াড় বন্ধুরা, আপনাদের প্রতি আমার অনুরোধ- পেশাদার খেলোয়াড় হিসেবে আপনারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন এবং হবেন না। বরং আপনারা ক্রীড়ানৈপুণ্যের মাধ্যমে দেশের প্রতিনিধিত্ব করবেন এবং দেশের জন্য গৌরব বয়ে আনবেন।’

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি একটি গুরুত্বপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অ্যাকাউন্ট্যান্সি, ইঞ্জিনিয়ারিং বা আইন পেশার মতোই খেলাধুলাও এখন একটি স্বীকৃত পেশা। এ ধারায় বাংলাদেশকেও এগিয়ে নিতে সরকার কাজ করছে।

শিক্ষা ব্যবস্থায় খেলাধুলাকে গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যেমন অঙ্ক, ইংরেজি, ভূগোল ও ইতিহাস বাধ্যতামূলক, তেমনি প্রতিটি শিশুকে তার পছন্দের খেলায় অংশ নিতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে। আমরা খেলাধুলাকেও শিক্ষার অংশ হিসেবে বাধ্যতামূলক করতে চাই।’

খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যে মানুষ কখনো হারেনি, সে আসলে কোনো চেষ্টা করেনি। সফল হতে হলে চ্যালেঞ্জ নিতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে।’

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার অংশ হিসেবে সরকার ইতোমধ্যে শতাধিক ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় এনেছে। অনুষ্ঠানে ১২৯ জন খেলোয়াড়ের হাতে ক্রীড়া কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বনির্ভর হওয়ায় ক্রিকেটাররা এই সুবিধার বাইরে থাকবেন। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, আগামী এপ্রিল থেকে ধাপে ধাপে ৫০০ জন খেলোয়াড়কে বেতন কাঠামোর আওতায় আনা হবে।

এ উদ্যোগের মাধ্যমে দেশের ক্রীড়া খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।